মোদির জয় নিয়ে বিএনপির হইচই করার কিছু নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশেষ দল কিংবা ব্যক্তি নয়, বরং বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অনেক গভীর৷ এটি সরকারের সঙ্গে সরকারের সম্পর্ক৷ লোকসভায় নরেন্দ্র মোদির জয়লাভ আওয়ামী লীগের জন্য কোনো সমস্যা নয়৷ তাই তাঁর জয় নিয়ে বিএনপির হইচই করার কিছু নেই৷
গতকাল মঙ্গলবার বিকেলে সিলেট সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত৷
স্থানীয় গণমাধ্যমকর্মীদের সৌজন্যে আয়োজিত এ মতবিনিময় সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন, জেলা সভাপতি আবদুজ জহির চৌধুরী, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর কমিটির সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন৷
মতবিনিময় সভায় অর্থমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া নির্বোধের মতো ৫ জানুয়ারির নির্বাচন বর্জন করলেন৷ এতে তিনি নিজে ডুবলেন, পার্টিকেও ডোবালেন৷ এই যে আমি প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হলাম, এর জন্য দায়ী বিএনপি৷ কারণ, দলটি
নির্বাচনে এলে আমাকে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিতে হতো৷ নির্বাচনও জমে উঠত৷’
নিজেকে সুশীল সমাজের মানুষ উল্লেখ করে অর্থমন্ত্রী আরও বলেন, ‘আমি অনেক দিন আগে সুশীল সমাজে চলে গিয়েছিলাম৷ বয়স হয়ে গিয়েছিল৷ তাই ভেবেছিলাম, এমনিভাবে বাকি জীবনটা কাটিয়ে দেব৷ কিন্তু আমাদের নেত্রী শেখ হাসিনা আমাকে আওয়ামী
লীগের উপদেষ্টা বানিয়ে রাজনীতিতে নিয়ে এলেন৷ একসময় অর্থমন্ত্রীও হলাম৷’