মোদির সঙ্গে সম্পর্ক তৈরির প্রতিযোগিতায় আ.লীগ ও বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে ক্ষমতার পালাবদলকে কেন্দ্র করে নরেন্দ্র মোদি ও তাঁর দল বিজেপির সঙ্গে সুসম্পর্ক তৈরির ব্যাপারে সরকারি দল আওয়ামী লীগ এবং বিএনপি যথেষ্ট তৎপর রয়েছে। অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণেই ক্ষমতা গ্রহণের আগেই ভারতের ভাবী সরকারকে নিয়ে এক প্রতিযোগিতায় নেমেছে দেশের প্রধান দুই রাজনৈতিক দল। 
গতকাল সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকেও বিষয়টি নিয়ে একাধিক মন্ত্রী আলোচনা করেছেন। বৈঠক সূত্রে জানা গেছে, বিজেপির বিজয়ে বিএনপির উল্লসিত প্রতিক্রিয়ার সমালোচনা করেছেন একাধিক মন্ত্রী৷ 
কূটনৈতিক বিশ্লেষকেরা মনে করেন, নরেন্দ্র মোদি দায়িত্ব নেওয়ার পর প্রতিবেশী দেশগুলোর ক্ষেত্রে তাঁর দৃষ্টিভঙ্গি কেমন হবে, সেটি দেখা৷ এর পরই এ নিয়ে ভারতের সঙ্গে পরবর্তী পদক্ষেপ নেওয়াটা সমীচীন হবে। 
গত শুক্রবার নির্বাচনের ফলাফল ঘোষণা শেষ হওয়ার আগেই সরকারের পাশাপাশি আওয়ামী লীগের পক্ষ থেকে মোদিকে এবং বিজেপির সভাপতি রাজনাথ সিংকে চিঠি পাঠিয়ে অভিনন্দন জানানো হয়। একই দিন বিএনপিও মোদিকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠায়। দুই দিনের মাথায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মোদিকে ফোনে শুভেচ্ছা জানান। মোদিকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানান শেখ হাসিনা। 
ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো প্রথম আলোকে জানিয়েছে, ভারতের সঙ্গে বর্তমান সম্পর্ক এগিয়ে নিতে বাংলাদেশ উদ্যোগী থাকলেও পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বাংলাদেশকে সপ্তাহ দুয়েক অপেক্ষায় থাকা উচিত। যুক্তি হিসেবে তাঁদের মত, সাধারণত ক্ষমতার পালাবদলে খুব একটা পরিবর্তন হয় না ভারতের পররাষ্ট্রনীতির। তা ছাড়া নরেন্দ্র মোদির পররাষ্ট্রনীতিতে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ককে কীভাবে দেখা হবে, কাকে পররাষ্ট্রমন্ত্রী করা হচ্ছে—এসব কিছুই ঠিক হয়নি। এমন এক পরিস্থিতিতে বেিশ উদ্যোগী হওয়াটা কতটা কাজে লাগবে, তা স্পষ্ট নয়। 
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র গত রোববার রাতে এই প্রতিবেদককে জানায়, মোদি ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভীর দিল্লি যাওয়ার কথা রয়েছে। প্রাথমিকভাবে কাল বুধবার মোদির শপথ নেওয়ার কথা থাকলেও এখন তা পিছিয়ে গেছে।
দুই দেশের কূটনীতিকদের মতে, নির্বাচনের আগে অবৈধ বাংলাদেিশদের নিয়ে মোদি ও তাঁর দলের নেতারা নির্বাচনী প্রচারণায় মন্তব্য করেছেন। বিশেষ করে বাংলাদেশের সঙ্গে সীমান্তবর্তী রাজ্যগুলোতে গিয়ে তাঁরা বলেছেন, অবৈধভাবে ভারতে যাওয়া বাংলাদেশের নাগরিকদের ফেরত পাঠানো হবে। এ ধরনের বক্তব্যের আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন রয়েছে। শুধু ভোটের মাঠে ফায়দা পেতে এমন বক্তব্য বিজেপি দিয়েছে িক না, এটি বুঝতেও কিছুটা সময় নেওয়া দরকার। 
এদিকে দিল্লির কূটনৈতিক সূত্রে জানা গেছে, বাংলাদেশের পক্ষ থেকে মোদিকে ঢাকা সফরের আমন্ত্রণ জানানো হলেও খুব শিগগির সেটি হওয়ার সম্ভাবনা খুব কম। ইতিমধ্যেই ফিরতি সফরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে দিল্লি সফরের আমন্ত্রণ জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। কাজেই এ সফরটি ভারত আগে আয়োজন করার প্রস্তুতি নিচ্ছে। এ ছাড়া ২০১১ সালের সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ঢাকা ঘুরে গেছেন। নিয়মানুযায়ী শেখ হাসিনার এখন দিল্লি সফর করার কথা। এ ছাড়া ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সে দেশের নতুন প্রধানমন্ত্রীর প্রথম সফরটা জাপানে আয়োজনের পরিকল্পনা করেছে বলে জানা গেছে। 
জানতে চাইলে ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবীর গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, প্রধান দুই রাজনৈতিক দলের তৎপরতায় মনে হচ্ছে, অভ্যন্তরীণ রাজনৈতিক অস্বস্তির কারণে ভারতের নতুন সরকারকে অভিনন্দন জানানোর প্রতিযোগিতা শুরু হয়েছে। ভারতের নতুন সরকারের সঙ্গে নিজেদের অবস্থান সম্পর্কে জানান দিতেই দুই দল বেিশ উৎসাহী হয়ে এটি করছে। 
কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনারের দায়িত্ব পালন করা সাবেক এক কূটনীতিক মনে করেন, ভারতের নতুন মন্ত্রিসভা দায়িত্ব নেওয়ার পর কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সম্পর্কের বিন্যাস কী হয়, তার ওপর নির্ভর করছে দীর্ঘদিনের অনিষ্পন্ন বিষয়গুলোর সমাধান। এ জন্য বাংলাদেশকে কিছুটা সময় অপেক্ষায় থাকতে হবে।