ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান সমিতির সেমিনার
মোদির সফর বাংলাদেশ-ভারত সম্পকর্কে নতুন দিগন্তে নেবে
ভারতীয় পার্লামেন্টে স্থলসীমান্ত চুক্তি অনুমোদনের পর নরেন্দ্র মোদির সফর বাংলাদেশ-ভারত সম্পর্ককে নতুন দিগন্তে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা গওহর রিজভী ও ইকবাল সোবহান চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ শিক্ষক ও সাবেক কূটনীতিকরাও একই আশা প্রকাশ করেছেন।
গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নোয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক সেমিনারে তাঁরা এই আশা প্রকাশ করেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের এক দিন আগে রাষ্ট্রবিজ্ঞান সমিতি ‘ভারত-বাংলাদেশ সম্পর্ক: আঞ্চলিক উন্নতি ও সৌহার্দ্য’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে।
অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেন, শেখ হাসিনার সরকার গত ছয় বছরে পুরোনো সব সমস্যার সমাধানের দিকে নজর দিয়েছে। তিস্তার পানি চুক্তির বিষয়েও বাংলাদেশের কাজ শেষ। আজ হোক, কাল হোক এই চুক্তিও হবে। সীমান্তে হত্যাকাণ্ডের বিষয়ে গওহর রিজভী বলেন, অতীতের যেকোনো সময়ের চেয়ে এখন সীমান্তে হত্যা অনেক কমে এসেছে। তবে বাংলাদেশ একে শূন্যে নামাতে চায়।
মোদির সফর দুই দেশের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাবে উল্লেখ করে গওহর রিজভী বলেন, এই সফরে ভারতের বেসরকারি কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হবে, যাতে আরও চার থেকে পাঁচ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। এ ছাড়া সড়ক, রেল ও যোগাযোগ খাতের উন্নয়নে ভারতের বিনিয়োগ দরকার। সেই বিষয় নিয়েও আলোচনা হবে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘ভারত-বাংলাদেশ সম্পর্কে অতীতে অনেক টানাপোড়েন ছিল। কিন্তু কিছু কিছু সময় ইতিহাস নতুন দিকে মোড় নেয়। আজকে শেখ হাসিনা ও মোদি সরকার দুই দেশের সম্পর্ককে সেই দিকে নিচ্ছে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ভারতের সাংসদেরা মে মাসেই স্থলসীমান্ত চুক্তি অনুমোদনের কথা বলেছিলেন, কারণ ১৯৭৪ সালের মে মাসেই ইন্দিরা গান্ধীর সঙ্গে চুক্তি করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উপাচার্য বলেন, রাষ্ট্রীয় কাজের জন্য কোনো একটি দেশের সীমানা থাকবে। কিন্তু বুদ্ধিবৃত্তিক কাজ, শিল্প-সাহিত্য-সংস্কৃতি এসব ক্ষেত্রে যেন কোনো বাধা না থাকে। তিনি জানান, মোদির এই সফরে সমুদ্রবিজ্ঞান গবেষণা নিয়ে ভারতের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি চুক্তি হবে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেন, মানুষে মানুষে সংযোগ বাড়াতে হবে। আত্মবিশ্বাসের সম্পর্ক বাড়াতে হবে। দুই দেশের দিক থেকেই সেটি করতে হবে। এ জন্য ই-ভিসা ব্যবস্থাসহ আঞ্চলিক যোগাযোগ বাড়াতে হবে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক রাষ্ট্রদূত হারুন উর রশীদ। তিনি বাংলাদেশ-ভারত সম্পর্কের নানা দিক তুলে ধরে বলেন, মোদির এই সফর স্বল্প ও দীর্ঘমেয়াদে এই অঞ্চলের ওপর বহু দূর বিস্তৃত ইতিবাচক প্রভাব রাখবে। রাষ্ট্রবিজ্ঞান সমিতির সভাপতি গিয়াসউদ্দিন মোল্লা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।