মোদির সফরসঙ্গী হওয়ার আমন্ত্রণ পেলেন মমতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে ঢাকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরসঙ্গী হওয়ার আমন্ত্রণ পেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই আমন্ত্রণ পেয়েছেন আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ ও মেঘালয়ের মুখ্যমন্ত্রী মুকুল সাংমাও। তবে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত আমন্ত্রণ পাননি বলে তাঁর সচিবালয় থেকে জানানো হয়েছে।
নরেন্দ্র মোদি ৬ ও ৭ জুন বাংলাদেশ সফরে যাচ্ছেন। বাংলাদেশের সঙ্গে সীমান্ত চুক্তি বাস্তবায়নের ফলে ভারতের যে চারটি রাজ্যের আন্তর্জাতিক সীমান্তে পরিবর্তন হবে, সেই চার রাজ্য পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীদের এ সফরে নিয়ে যেতে প্রধানমন্ত্রী মোদি আগ্রহী ছিলেন। ৮ ও ৯ মে কলকাতা সফরে গিয়ে মোদি এ বিষয়ে মমতার সঙ্গে কথাও বলেছিলেন। কিন্তু তারপর আর কথা এগোয়নি। ২৬ মে প্রধানমন্ত্রীর সফর সরকারিভাবে ঘোষিত হলেও মুখ্যমন্ত্রীদের বিষয়ে কিছু জানানো হয়নি। গত বুধবার মমতা প্রথম আলোকে সে কথা জানিয়ে বলেছিলেন, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে আনুষ্ঠানিকভাবে তাঁকে কেউ বলেননি।
গতকাল প্রথম আলোয় এ খবর প্রকাশিত হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকালই ভারতের প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁকে বলা হয়, প্রধানমন্ত্রী মোদি চান মুখ্যমন্ত্রী যেন তাঁর সফরসঙ্গী হন। যোগাযোগ হওয়ার বিষয়টি মমতাও নিশ্চিত করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘ওঁরা চাইছেন, যে চুক্তিগুলো ঢাকায় সই হবে, সেই সময় আমি যেন থাকি।’
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দপ্তর (নবান্ন) সূত্রের দাবি, মুখ্যমন্ত্রী মমতা ঢাকা যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে গত ফেব্রুয়ারি মাসেই মমতা বাংলাদেশে গিয়েছিলেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তিনিই ছিলেন প্রধান অতিথি।
আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ ও মেঘালয়ের মুখ্যমন্ত্রী মুকুল সাংমাও প্রধানমন্ত্রীর এ সফরে সঙ্গী হয়ে ঢাকা যাবেন বলে গতকাল তাঁদের সচিবালয় সূত্রে জানানো হয়। প্রটোকল অনুযায়ী, চার রাজ্যের মুখ্যমন্ত্রীকেই নয়াদিল্লি থেকে প্রধানমন্ত্রী মোদির সঙ্গী হতে হবে।
সীমান্ত চুক্তিতে এ চার রাজ্য যুক্ত ছাড়াও যে দুটি বাস পরিষেবা মোদির এ সফরে চালু হবে, তা-ও এ চার রাজ্য থেকেই।
সূত্র জানায়, মোদি চান, কলকাতা-ঢাকা-আগরতলা ও গুয়াহাটি-শিলং-ঢাকা বাস পরিষেবা চালুর সময়ে চার রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত থাকুন।