মোদির হস্তক্ষেপ চান বাংলাদেশের সংখ্যালঘু নেতারা
নিজেদের নিরাপত্তা ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ চান বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে হিন্দু ও অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের ওপর হামলার পরিপ্রেক্ষিতে তাঁরা এ কথা বলেছেন।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত ভারতের বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, ‘হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে ভারতের কিছু করা উচিত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আমাদের প্রত্যাশা বেশি।’
পাবনায় নিত্যরঞ্জন পাণ্ডে নামের এক হিন্দু সেবায়েতসহ সাম্প্রতিক সময়ে বেশ কয়েকজন ধর্মীয় সংখ্যালঘু দুর্বৃত্তদের হাতে প্রাণ হারিয়েছেন। এ অবস্থায় একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কৌঁসুলি হিসেবে দায়িত্ব পালনকারী রানা দাশগুপ্ত বলেন, বাংলাদেশে যদি মৌলবাদ মাথাচাড়া দিয়ে ওঠে, তবে ভারতীয় উপমহাদেশের স্থিতিশীলতা আসবে না।
বিএফডিসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায় পিটিআইকে বলেন, ভারতের কাছ থেকে চাপ না এলে মৌলবাদ বিষয়ে মনোভাব পরিবর্তন হবে না। ভারত এ অঞ্চলের বড় শক্তি। প্রতিবেশী দেশে সংখ্যালঘুরা নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হলে দেশটি চুপচাপ বসে থাকতে পারে না।
তবে এ ব্যাপারে বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘সংখ্যালঘুদের নিরাপত্তায় আমরা বেশ কিছু পদক্ষেপ নিয়েছি। দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ও ভারতের সুসম্পর্ক রয়েছে। ভারত আমাদের ভালো বন্ধু। ভারত যদি এ ব্যাপারে কথা বলতে চায়, আমরা কথা বলব।’