মোনায়েম খানের পরিবারের অবৈধ দখলে থাকা জমি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাধীনতার বিরোধিতাকারী ও তৎ​কালীন পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খানের পরিবারের দখলে থাকা বনানীর ২৭ নম্বর সড়কের জমিতে গতকাল ঢাকা উত্তর সিটি করপোরেশন উচ্ছেদ অভিযান চালায় l ছবি: প্রথম আলো
স্বাধীনতার বিরোধিতাকারী ও তৎ​কালীন পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খানের পরিবারের দখলে থাকা বনানীর ২৭ নম্বর সড়কের জমিতে গতকাল ঢাকা উত্তর সিটি করপোরেশন উচ্ছেদ অভিযান চালায় l ছবি: প্রথম আলো

বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী মোনায়েম খানের পরিবারের অবৈধ দখলে থাকা রাজধানীর বনানীর ২৭ নম্বর সড়কের প্রায় ১০ কাঠা জমি উদ্ধার করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বনানী কবরস্থান-সংলগ্ন এই জায়গা প্রায় ৫০ বছর ধরে অবৈধ দখলে ছিল। গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটা থেকে পাঁচটা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চালায় ডিএনসিসি।
ডিএনসিসির কর্মকর্তারা বলেন, বিমানবন্দর সড়ক ও বনানী ২৭ নম্বর সড়কের সংযোগস্থলে ১১০ নম্বর প্লট-সংলগ্ন ১০ কাঠা সরকারি জায়গা অবৈধ দখলে ছিল। প্রায় ২০২ ফুট দৈর্ঘ্য ও ৩৬ ফুট প্রস্থের জায়গাটি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নকশা অনুযায়ী সবুজ বেষ্টনীর আওতাভুক্ত। কোনো দলিলপত্র ছাড়াই এত দীর্ঘ সময় ধরে জায়গাটি অবৈধ দখলে থাকলেও কোনো সরকারি সংস্থা তা উদ্ধারে ব্যবস্থা নেয়নি।
উচ্ছেদ শেষে সেখানে উপস্থিত সাংবাদিকদের ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক বলেন, সাধারণ মানুষের জায়গা কোনো দলিলপত্র ছাড়াই ৫০ বছর ধরে দখল করে রাখা হয়েছিল। রাজউকের বরাদ্দের বাইরে সিটি করপোরেশনের প্রায় আধা বিঘা জমি অবৈধ দখলে ছিল। এই জমিতে কবরস্থান হতে পারে, সড়ক, বসার জায়গা হতে পারে।
দেয়ালে লাগানো বাড়িটির নম্বর প্লেটে দেখা যায়, বাড়িটির নাম ‘বাগ-ই-মোনায়েম’। মালিকের নাম মৃত মো. মোনায়েম খান এবং এ এইচ এম কামরুজ্জামান। মোনায়েম খান ছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর। বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী এই ব্যক্তি একাত্তরে মুক্তিযোদ্ধাদের হাতে নিহত হন। কামরুজ্জামানের পরিচয় সম্পর্কে তথ্য পাওয়া যায়নি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, ‘আমরা শুনেছি, যিনি স্বাধীনতাযুদ্ধের বিরোধিতা সরকারিভাবে সবচেয়ে বেশি করেছিলেন, যাঁর ওপর মুক্তিযোদ্ধারা প্রতিশোধ নিয়েছিলেন, তাঁর পরিবারের সদস্যদের কাছে ৫ বিঘার বেশি জমি পড়ে আছে। আমার অনুরোধ থাকবে, যদি এই জমি স্বাধীনতাযুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এমন কারও নামে হয়, সেটি এখনই বাতিল করা হোক। তদন্ত হোক এসব সংস্থা ৫০ বছর ধরে কেন জমিটির ব্যাপারে মনোযোগ দেয়নি।’
মেয়র অবৈধ দখলে থাকা বিভিন্ন সংস্থার জমি উদ্ধারে সরকারকে একটি কমিশন গঠনের দাবি জানান। তিনি বলেন, রেলওয়ে, সড়ক ও জনপথ, সিটি করপোরেশনের অনেক জমি দখল হয়ে আছে। অবৈধ দখলে থাকা এসব জায়গা দ্রুত উদ্ধার করতে ব্যবস্থা নেওয়া হোক। অবৈধ দখলে থাকা জমির বিষয়ে আদালতের স্থগিতাদেশ যেন দ্রুত না দেওয়া হয়, সে বিষয়েও তিনি অনুরোধ জানান।
উচ্ছেদের আগে দেখা যায়, বনানী কবরস্থানের সীমানাদেয়াল ঘেঁষে একটি একতলা মোটরগাড়ির প্রদর্শনী ও বিক্রয়কেন্দ্র। বিক্রয়কেন্দ্রটি ফুটপাত ও সড়কের একটি বড় অংশ দখল করে আছে। ১১০ নম্বর প্লটের সীমানাদেয়াল গড়ে তোলা হয়েছে সড়কের অংশ দখল করে। ফলে বিমানবন্দর সড়কের সংযোগস্থলে এসে বনানী ২৭ নম্বর সড়কটি প্রস্থে প্রায় ২০ ফুট কমে গেছে।
ডিএনসিসি সূত্র বলেছে, রাজউকের সহযোগিতায় তিন দিন ধরে রাজউক ও ডিএনসিসির যৌথ জরিপের মাধ্যমে জায়গাটি পরিমাপ করা হয়। যৌথ জরিপ চলার সময় রাজউকের সদস্য (উন্নয়ন) মো. আবদুর রহমান এলাকা পরিদর্শন করেন। তিনি গতকাল প্রথম আলোকে বলেন, রাজউকের ১৯৬৭ সালের লে-আউট পরিকল্পনা অনুযায়ী এই জায়গাটি সবুজ বেষ্টনীর ভূমি। এটি কেবল রাস্তা, ফুটপাত এবং গাছ লাগানোর জন্য ব্যবহার করা যাবে।
বেলা আড়াইটার দিকে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান শরীফ ও সাজিদ আনোয়ারের নেতৃত্বে উচ্ছেদ অভিযান শুরু হয়। ডিএনসিসির প্রকৌশল বিভাগ, যান্ত্রিক বিভাগ, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ এবং বিদ্যুৎ প্রকৌশল বিভাগ অংশ নেয়। উচ্ছেদের শুরুতেই কবরস্থান-সংলগ্ন একটি মোটরগাড়ির প্রদর্শনী ও বিক্রয়কেন্দ্র ভেঙে ফেলা হয়। এরপর বিমানবন্দর সড়ক পর্যন্ত বিস্তৃত ১১০ নম্বর প্লটের সীমানাদেয়াল ও একটি একতলা ভবনের অংশবিশেষ ভেঙে ফেলা হয়।
উচ্ছেদের সময় ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আনোয়ারুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর আবদুর রাজ্জাক ও অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।