মোনায়েম খানের পরিবারের দখলে থাকা আরও জমি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতার বিরোধিতাকারী মোনায়েম খানের পরিবারের অবৈধ দখলে থাকা আরও চার কাঠা জমি উদ্ধার করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ নিয়ে মোনায়েম খানের পরিবারের অবৈধ দখলে থাকা মোট ১৪ কাঠা জমি উদ্ধার করা হলো।
উচ্চ আদালতের নির্দেশে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও ডিএনসিসি গতকাল মঙ্গলবার যৌথ জরিপ চালানোর পর এ জমির খোঁজ মিলেছে বলে জানিয়েছেন ডিএনসিসির সম্পত্তি কর্মকর্তা এম এম মহিউদ্দিন কবীর।
৩ নভেম্বর ডিএনসিসি অভিযান চালিয়ে বিমানবন্দর সড়ক ও বনানী ২৭ নম্বর সড়কের সংযোগস্থলে ১১০ নম্বর প্লট-সংলগ্ন অবৈধ দখলে ১০ কাঠা সরকারি জায়গা উদ্ধার করে। ডিএনসিসির কর্মকর্তারা বলেন, রাজউকের ১৯৬৭ সালের লে-আউট পরিকল্পনা অনুযায়ী ওই ১০ কাঠা জায়গা সবুজ বেষ্টনীর ভূমি। এটি কেবল রাস্তা, ফুটপাত এবং গাছ লাগানোর জন্য ব্যবহার করা যাবে।
সিটি করপোরেশনের করা ওই অবৈধ দখল উচ্ছেদকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন মোনায়েম খানের ছেলে এ এইচ এম কামরুজ্জামান খান। গত রোববার মোনায়েম খানের বাড়ির রাস্তার পাশে সবুজায়নের (গ্রিন বেল্ট) জন্য বরাদ্দকৃত ৫০ ফুট বাই ২০০ ফুট জায়গা রাজউক ও সিটি করপোরেশনের যৌথ জরিপের মাধ্যমে চিহ্নিত করে দুই দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেন হাইকোর্ট।
উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী গতকাল ডিএনসিসি, রাজউক ও পিটিশনকারীর উপস্থিতিতে যৌথ জরিপ পরিচালনা করা হয়। জরিপকালে দেখা যায়, পিটিশনকারী অবৈধভাবে ১১০ নম্বর প্লটের সামনের সবুজ বেষ্টনীর জমি, যার উত্তরের বাহুর দৈর্ঘ্য পূর্ব-পশ্চিমে ১৯৫ ফুট, দক্ষিণের বাহুর দৈর্ঘ্য পূর্ব-পশ্চিমে ২০২ ফুট এবং প্রস্থ উভয় প্রান্তে ৫০ ফুট অর্থাৎ পরিমাণ প্রায় ১৪ কাঠা দখলে রেখেছেন।
ডিএনসিসির সম্পত্তি কর্মকর্তা এম এম মহিউদ্দিন কবীর গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ১১০ নম্বর প্লট-সংলগ্ন সবুজ বেষ্টনীর ১৪ কাঠা জমি উদ্ধার করা হয়েছে। আগামী দু-এক দিনের মধ্যে এই জায়গা সিটি করপোরেশনের দখলে নেওয়া হবে। জরিপের সময় মোনায়েম খানের পরিবারের সদস্যরা উপস্থিত থাকলেও তাঁদের কোনো বক্তব্য ছিল না বলে মহিউদ্দিন জানান।