মোফাখ্খারর চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে 'রুখে দাঁড়াও ক্রসফায়ার'
মাওবাদী নেতা মোফাখ্খারর চৌধুরীর দশম মৃত্যুবার্ষিকী ছিল গতকাল মঙ্গলবার। ২০০৪ সালের ১৬ ডিসেম্বর র্যাবের ‘ক্রসফায়ারে’ তিনি নিহত হন। এ উপলক্ষে গণমুক্তির গানের দল নামের একটি সংগঠন গতকাল ‘রুখে দাঁড়াও ক্রসফায়ার’ শিরোনামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তারা বলেন, একদিকে তথাকথিত এ স্বাধীন দেশে বিজয়ের ডামাডোল, অন্যদিকে আজ আমরা শোক পালন করছি। আজ শহরে উৎসবের ডামাডোল অথচ গতকালই সীমান্তে সাত বছরের শিশুকে হত্যা করা হয়েছে। সুন্দরবনের শ্যালা নদীতে মাঝিরা মাছ ধরার বদলে তেল পরিষ্কার করছেন। তাঁদের জীবিকা অন্তত এক বছরের জন্য হুমকির সম্মুখীন। বক্তারা বলেন, বিপ্লবী বুদ্ধিজীবীদের হত্যা করে গণবিরোধী শোষক শ্রেণি ক্রসফায়ার ও গুম-খুনের মাধ্যমে প্রগতিশীল ধারাকে রুদ্ধ করে টিকে থাকতে চায়। সরকার বন্দুকের মাধ্যমে মানুষকে জিম্মি করে রাখে। কেউ প্রতিবাদ করলেই তাকে গুলি করে মারা হয়।
আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন গণমুক্তির গানের দলের সাধারণ সম্পাদক আশিষ কোড়ায়া, নির্বাহী সম্পাদক নাহিদ সুলতানা, ল্যাম্পপোস্ট-এর সম্পাদক ফারহানা শামা ও ছাত্র যুব আন্দোলনের সংগঠক জাকির সুমন। আলোচনার মাঝে মাঝে বিপ্লবী গান ও কবিতা পরিবেশন করেন গণমুক্তির গানের দলের শিল্পীরা।