মোবাইল কোর্ট আইনের ১১টি ধারা নিয়ে রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতাসহ ২০০৯ সালের মোবাইল কোর্ট আইনের ১১টি ধারা কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।

একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এইচ মো. নূরুল হুদা জায়গীরদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ রুল দেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শ ম রেজাউল করিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়।

শ ম রেজাউল করিম প্রথম আলোকে বলেন, দুই সপ্তাহের মধ্যে আইন ও স্বরাষ্ট্রসচিব, র‍্যাবের মহাপরিচালকসহ সাতজন বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

গত ২২ নভেম্বর এ রিট আবেদনটি করেন পিনাকল সোর্সিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন খান। আবেদনে বলা হয়, গত ২৭ অক্টোবর ফুড সাপ্লিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান পিনাকল সোর্সিং লিমিটেডকে অনিয়মের অভিযোগে জরিমানা ও তিনজন কর্মকর্তাকে সাজা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও র‍্যাব পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করে পিনাকল।