আগামী বছরের ফেব্রুয়ারি থেকে চালু হতে যাচ্ছে মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) সুবিধা। এ সুবিধায় নম্বর অপরিবর্তিত রেখে যেকোনো মোবাইল অপারেটরে যেতে পারবেন গ্রাহকেরা। এমএনপি সুবিধা নিতে গ্রাহকদের সর্বোচ্চ খরচ হবে ৩০ টাকা।
সচিবালয়ে গতকাল বুধবার আয়োজিত সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এ তথ্য জানান। তিনি বলেন, মোবাইল সেবায় প্রতিযোগিতা ও সেবার মান বৃদ্ধির জন্য সরকার এমএনপি সুবিধা চালু করতে যাচ্ছে। এটি বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মতি দিয়েছেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, এমএনপি বাস্তবায়নে নিলামের মাধ্যমে ১৫ বছরের জন্য একটি কোম্পানিকে লাইসেন্স দেওয়া হবে। ওই কোম্পানির বছরে নিবন্ধন ফি হবে ২০ লাখ টাকা। আর নিবন্ধন পাওয়ার দ্বিতীয় বছর থেকে ওই কোম্পানিকে সাড়ে ৫ শতাংশ হারে সরকারকে রাজস্ব দিতে হবে। বাংলাদেশি বা প্রবাসী বাংলাদেশি মালিকানাধীন কোম্পানি এই নিলামে অংশ নিতে পারবে। বিদেশি প্রতিষ্ঠানের ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশি অংশীদার লাগবে। এ ক্ষেত্রে বিদেশি প্রতিষ্ঠানের সর্বোচ্চ মালিকানা ৫১ শতাংশ হতে পারবে। কোনো মোবাইল অপারেটর এমএনপি নিবন্ধন নিতে নিলামে অংশ নিতে পারবে না।
আবেদনের তিন দিনের মধ্যে গ্রাহককে এমএনপি সেবা দিতে হবে এবং কোনো গ্রাহক যদি একবার অপারেটর বদলের পর আবারও অপারেটর বদল করতে চান, তাহলে তাঁকে ৪৫ দিন অপেক্ষা করতে হবে। অর্থাৎ কমপক্ষে ৪৫ দিন অপারেটরের সেবা নিতে হবে। প্রিপেইড ও পোস্ট পেইড উভয় ধরনের গ্রাহকই এমএনপি সুবিধা পাবেন। গত ২০ সেপ্টেম্বর মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) নীতিমালার চূড়ান্ত অনুমোদন দেয় প্রধানমন্ত্রীর কার্যালয়।
বিশ্বের ১০০টির বেশি দেশে এ ব্যবস্থা চালু রয়েছে। ২০১২ সালে বাংলাদেশে এমএনপি বাস্তবায়নের প্রথম উদ্যোগ নেওয়া হয়।
এমএনপি বাস্তবায়নে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ২০১৩ সালের ১৩ জুন মুঠোফোন অপারেটরদের একটি নির্দেশনা দেয়। এতে বলা হয়েছিল, ২০১৪ সালের জানুয়ারির মধ্যে গ্রাহকদের এমএনপি সুবিধা দিতে হবে অপারেটরদের। ২০১৪ সালের ২০ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত এ বিষয়ে গ্রাহকদের মতামতও সংগ্রহ করে বিটিআরসি।
দক্ষিণ এশিয়ায় ২০০৭ সালে পাকিস্তানে এ সেবা চালু হয়। ভারতে এ সেবা চালু হয়েছে ২০১১ সালে।
সংবাদ সম্মেলনে চলমান সিম পুনর্নিবন্ধন কার্যক্রম সম্পর্কে তারানা হালিম বলেন, এটা অনন্তকাল চলতে পারে না। আগামী মার্চ-এপ্রিলের মধ্যে এ প্রক্রিয়া শেষ করতে হবে।