মোবাইল ব্যাংকিংয়ে দিনে লেনদেন ৬৯০ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোবাইল ব্যাংকিংয়ে দিনে ৬৯০ কোটি টাকা লেনদেন হয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল শনিবার সংসদে সরকারি দলের এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এই পরিমাণ লেনদেন মোবাইল ব্যাংকিং সেবার জনপ্রিয়তা প্রমাণ করে, এ কথা উল্লেখ করে অর্থমন্ত্রী আরও বলেন, ব্যাংকে গিয়ে সময় ব্যয়ের বিপরীতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তুলনামূলক কম খরচে গ্রাহককে ব্যাংকিং সেবা দেওয়া সম্ভব। এই প্রচেষ্টা অব্যাহত আছে। বাংলাদেশ ব্যাংক এই সেবার সার্ভিস চার্জ কমানোর জন্য সংশ্লিষ্ট ব্যাংক ও মোবাইল অপারেটরের সঙ্গে একাধিকবার সভা করেছে। আরও কম খরচে এই সেবা দেওয়া যাবে। প্রশ্নোত্তরের আগে বেলা তিনটার পর স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
মমতাজ বেগমের প্রশ্নের জবাবে আবুল মাল আবদুল মুহিত বলেন, গত ১০ বছরে বিনিয়োগ বেড়ে জিডিপির ২৫ দশমিক ৮ শতাংশ থেকে ২৮ দশমিক ৯ শতাংশে দাঁড়িয়েছে। চলতি অর্থবছরে বিনিয়োগ ৫ লাখ ৮ হাজার কোটি টাকার ওপরে হবে, যা জিডিপির ২৯ দশমিক ৪ শতাংশ। এ কে এম রেজাউল করিম তানসেনের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ব্যাংক খাতের অর্থ জালিয়াতি রোধে এটিএম বুথে বাধ্যতামূলকভাবে অ্যান্টি স্কিমিং ও পিন শিল্ড ডিভাইস বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। পিনু খানের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ইসলামী ব্যাংক ২০১৬ সালে সর্বোচ্চ ২ হাজার ২০ কোটি ৫০ লাখ টাকা পরিচালন মুনাফা অর্জন করেছে।