মোবাইলে ওসিকে হুমকি, ভুয়া বিচারপতির দণ্ড

নিজেকে বিচারপতি পরিচয় দিয়ে মোবাইল ফোনে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) চাকরিচ্যুতির হুমকি দেন তিনি। এ ঘটনায় তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ (১) ধারায় পুলিশের করা মামলায় আজ বৃহস্পতিবার ফারুক খান নামের ওই ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড দেন সাইবার ট্রাইব্যুনাল। পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ওই ট্রাইব্যুনালের পেশকার শামীম আল মামুন প্রথম আলোকে বলেন, মোবাইল ফোনে হুমকি দেওয়ার ঘটনায় তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় এই প্রথম কোনো ব্যক্তির সাজা হলো।
সাইবার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, আসামি ফারুক খান মোবাইল ফোনে নিজেকে বিচারপতি পরিচয় দিয়ে সিঙ্গাইর থানার ওসিকে ফোন করে মামলা নেওয়ার জন্য চাপ দেন। মামলা না নিলে তাঁর চাকরি খেয়ে ফেলার হুমকিও দেন। পরে ফারুক খানসহ পাঁচজনের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে মামলা করে পুলিশ। সেই মামলায় ফারুক খানের ১০ বছর কারাদণ্ড হয়েছে। বাকি চার আসামিকে খালাস দিয়েছেন আদালত। কৌঁসুলি জানান, আসামি ফারুক গ্রেপ্তার হওয়ার পর জামিনে মুক্তি পেয়ে পলাতক।
মামলার নথি থেকে জানা যায়, গ্রেপ্তার হওয়ার পর ফারুক আদালতের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাতে তিনি বলেন, তিনি ভারতের নাগরিক। ১৯৮০ সাল থেকে তিনি বাংলাদেশের দিনাজপুরে বসবাস শুরু করেন। ২০ বছর আগে তিনি বাংলাদেশের ভোটার হন। জবানবন্দিতে তিনি বলেন, ‘২০১১ সালে শেষ দিকে আমি কৌশিক চক্রবর্তী পরিচয়ে অর্পণাকে বিয়ে করি। বিয়ের পর সাভারে বিচারপতি পরিচয় দিয়ে বাসা ভাড়া নিই। সেখানে বসবাস করতে থাকি। রিয়াজুল নামের ওই লোকের সঙ্গে দেড় বছর আগে পরিচয়। আমি নিজেকে বিচারপতি দাবি করে ওসিকে মামলা নিতে বলি।’
মামলার নথি থেকে আরও জানা যায়, গত বছরের ৫ মার্চ মানিকগঞ্জের সিঙ্গাইর বাজারে একটি মারামারির ঘটনায় রিয়াজুল ইসলাম নামের একজনসহ চার ব্যক্তি সিঙ্গাইর থানার ওসির কাছে পৃথক দুটি অভিযোগ জমা দিয়ে মামলা নিতে বলেন। ওসি আবদুল হক তাঁদের বলেন, তদন্ত করে অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। পরে ফারুক নিজেকে বিচারপতি পরিচয় দিয়ে ওই মামলা নেওয়ার জন্য তাঁকে (ওসি) নির্দেশ দেন।
ফারুকের বিরুদ্ধে মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, সাভারের যে বাসায় ফারুক ভাড়া ছিলেন, তার মালিকসহ আশপাশের লোকজন তাঁকে বিচারপতি কৌশিক চক্রবর্তী হিসেবে চেনে। আসামি ফারুক খান দীর্ঘদিন বিচারপতি সেজে প্রতারণা করে আসছেন।
এ ঘটনায় সিঙ্গাইর থানার তৎকালীন ওসি আবদুল হক বাদী হয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে মামলা করেন। এই মামলার তদন্ত করে সিঙ্গাইর থানার উপপরিদর্শক জিয়াউদ্দিন উজ্জ্বল ফারুক খানসহ পাঁচজনের বিরুদ্ধে গত বছরের ১১ মে আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে মামলাটি বিচারের জন্য ঢাকার সাইবার ট্রাইব্যুনালে আসে।