মোবাইলে কথা বলতে গিয়ে বাস খাদে, নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের ছাতক উপজেলার জাতুয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৫ জন। আজ বুধবার বেলা দেড়টার দিকে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বাসের যাত্রীদের বরাত দিয়ে পুলিশ জানায়, চালক গাড়ি চালানোর সময় মোবাইলে কথা বলছিলেন।

পুলিশ জানায়, নিহত তিনজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন সুনামগঞ্জের দিরাই উপজেলার হাসিমপুর গ্রামের মৌসুমি রানী পাল (২৪) ও মুক্তারপুর গ্রামের রাধা রানী বৈষ্ণব (৪৭)। অপর নিহত ব্যক্তি একজন পুরুষ। তাঁর বয়স ২৫-২৬ বছর হবে।

মহাসড়ক পুলিশের জয়কলস ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম শফিকুল ইসলাম বাসের যাত্রীদের বরাত দিয়ে জানান, সিলেট থেকে যাত্রীবাহী একটি বাস সুনামগঞ্জের দিরাই উপজেলায় যাচ্ছিল। জাতুয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি সড়কে পাশের খাদে পড়ে যায়। এ সময় চালক মোবাইলে কথা বলছিলেন। এতে ঘটনাস্থলেই তিনজন বাসযাত্রী মারা যান। আহত ব্যক্তিদের স্থানীয় কৈতক পল্লি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।

ওসি বলেন, চালক পলাতক রয়েছেন।