মোবাইলের নম্বর না পাল্টে অপারেটর বদলের সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নম্বর পরিবর্তন না করেই মোবাইল অপারেটর বদলানোর সুযোগ পাবেন গ্রাহকেরা। এ জন্য নতুন নীতিমালা করা হয়েছে। নীতিমালাটি কার্যকর হলে নম্বর ঠিক রেখে অপারেটর বদল করা যাবে। অর্থাৎ একজন গ্রাহক বর্তমানে যে অপারেটরের নম্বর ব্যবহার করছেন, তিনি ওই একই নম্বর রেখে অন্য অপারেটরের সংযোগ ব্যবহার করতে পারবেন। এ পদ্ধতিটিকে মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি)।
গতকাল রোববার প্রধানমন্ত্রীর কার্যালয় এ-সংক্রান্ত নীতিমালাটি অনুমোদন করেছে। এখন এটি বাস্তবায়নে মোবাইল অপারেটরদের নির্দেশনা দেবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তারানা হালিম বলেন, এমএনপি বাস্তবায়িত হলে সুবিধা পাবেন গ্রাহকেরা। এর মাধ্যমে মোবাইল অপারেটরদের মধ্যেও সুস্থ প্রতিযোগিতা নিশ্চিত হবে। এ বছরের মধ্যেই এ সুবিধা চালু করার কথা জানান প্রতিমন্ত্রী।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় গত সপ্তাহে এমএনপি নীতিমালার চূড়ান্ত অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠায়। আর গত জুনে বিটিআরসি এমএনপি নীতিমালা তৈরি করে অনুমোদনের জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগে পাঠায়।
এমএনপি বাস্তবায়নে ২০১২ সালে প্রথম উদ্যোগ নিয়েছিল বিটিআরসি। নিয়ন্ত্রক সংস্থাটি ২০১৩ সালের ১৩ জুন মোবাইল ফোন অপারেটরদের এমএনপি সুবিধা বাস্তবায়ন করতে একটি নির্দেশনাও জারি করেছিল। তাতে বলা হয়েছিল, ২০১৪ সালের জানুয়ারির মধ্যেই গ্রাহকদের এমএনপি সুবিধা দিতে হবে অপারেটরদের। ওই নির্দেশনার দেড় বছর পেরিয়ে গেলেও সিদ্ধান্তটি বাস্তবায়িত হয়নি। ২০১৪ সালের ২০ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত এ বিষয়ে গ্রাহকদের মতামতও সংগ্রহ করে বিটিআরসি। প্রতিবেশী দেশ ভারতসহ বিশ্বের অনেক দেশেই এমএনপি সুবিধা চালু আছে।
নীতিমালা অনুযায়ী, এমএনপি সুবিধা পেতে গ্রাহকের খরচ হবে ৫০ টাকা। এমএনপি বাস্তবায়নের জন্য নিলাম প্রক্রিয়ার মাধ্যমে ১৫ বছর মেয়াদে একটি প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়া হবে। লাইসেন্স নেওয়ার জন্য নির্বাচিত প্রতিষ্ঠানকে তিন কোটি টাকা দিতে হবে। আর বার্ষিক লাইসেন্স ফি দিতে হবে ৫০ লাখ টাকা। আবেদনের তিন দিনের মধ্যে গ্রাহককে এ সেবা দিতে হবে এবং কোনো গ্রাহক যদি একবার অপারেটর বদলের পর আবারও অপারেটর বদল করতে চান, তাহলে তাঁকে ৪৫ দিন অপেক্ষা করতে হবে। অর্থাৎ কমপক্ষে ৪৫ দিন অপারেটরের সেবা নিতে হবে। প্রিপেইড ও পোস্টপেইড উভয় ধরনের গ্রাহকই এমএনপি সুবিধা পাবেন।
জানতে চাইলে মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস বাংলাদেশ (অ্যামটব) মহাসচিব টিআইএম নুরুল কবির প্রথম আলোকে বলেন, ‘এ বিষয়টি নিয়ে বিটিআরসির সঙ্গে আমরা দীর্ঘদিন কাজ করেছি। সরকার এমএনপি বাস্তবায়নের নির্দেশনা দিলে সেটি কীভাবে বাস্তবায়ন করা হবে, সেটি আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।’