
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মানবতা-বিরোধী অপরাধের আরেকটি মামলার কার্যক্রম শেষে গতকাল সোমবার রায় অপেক্ষমাণ রাখা হয়েছে৷ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক নেতা মোবারক হোসেনের বিরুদ্ধে এই মামলার রায় যেকোনো দিন ঘোষণা করবেন এই ট্রাইব্যুনাল৷
এ নিয়ে ট্রাইব্যুনাল-১-এ তিনটি মামলা রায়ের অপেক্ষায় থাকল৷ অন্য দুটি হলো জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী ও বিএনপির নেতা পলাতক জাহিদ হোসেনের বিরুদ্ধে৷
বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এ গতকাল মোবারকের বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের চূড়ান্ত যুক্তি উপস্থাপন শেষ হয়৷ পরে রায় অপেক্ষমাণ (সিএভি-কেস অ্যায়োটিং ভারডিক্ট) রাখেন ট্রাইব্যুনাল৷ রাষ্ট্রপক্ষ দাবি করেছে, মোবারকের বিরুদ্ধে আনা সব অভিযোগ তাঁরা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছেন৷ এ জন্য মোবারকের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড প্রাপ্য৷ আর আসামিপক্ষের দাবি, রাষ্ট্রপক্ষ একটি অভিযোগও প্রমাণ করতে পারেনি৷ এ জন্য মোবারককে খালাস দেওয়া হোক৷
মোবারক গতকাল আসামির কাঠগড়ায় হাজির ছিলেন৷ গত বছরের ২৩ এপ্রিল এই ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ গঠন করে বিচার শুরু করেছিলেন৷ রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন ১২ জন এবং আসামিপক্ষে তিনজন সাক্ষ্য দেন৷ ১৮ মে যুক্তি উপস্থাপন শুরু হয়৷
২০০৯ সালের ৩ মে খোদেজা বেগম নামের একজন মোবারকের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া থানায় মামলা করেন৷ মোবারক হাইকোর্টে আবেদন করে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন পান৷ তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্ত চলাকালে এই ট্রাইব্যুনাল তাঁকে জামিন দিয়েছিলেন৷ গত বছরের ২৫ ফেব্রুয়ারি রাষ্ট্রপক্ষ তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে৷ ওই বছরের ১২ মার্চ ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে জামিন বাতিল করে মোবারককে কারাগারে পাঠান৷ তখন থেকে তিনি কারাগারে৷
অভিযোগ গঠনের আদেশ অনুসারে, একাত্তরে মুক্তিযুদ্ধকালে মোবারক জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন, মুক্তিযুদ্ধের পর তিনি জামায়াতের ইউনিয়ন পর্যায়ের সদস্য (রুকন) হন৷ একাত্তরে তিনি স্থানীয় রাজাকার বাহিনীর কমান্ডার ছিলেন৷
পাঁচ অভিযোগ: মোবারকের বিরুদ্ধে প্রথম অভিযোগ, একাত্তরের ২২ আগস্ট মোবারক ও অন্য রাজাকাররা আখাউড়া থানার টানমান্দাইল গ্রামের ২৬ জন ও জাঙ্গাইল গ্রামের সাতজনকে তেরোঝুড়ি হাজতখানায় নিয়ে যান৷ ২৩ আগস্ট পাকিস্তানি সেনা ও রাজাকাররা ওই ৩৩ জনকে গঙ্গাসাগর দিঘির পশ্চিম পাড়ে গুলি করে হত্যার পর মাটিচাপা দেয়৷ দ্বিতীয় অভিযোগে বলা হয়, মুক্তিযুদ্ধকালে মোবারক ও অন্য স্বাধীনতাবিরোধীরা মিলে ‘আনন্দময়ী কালীবািড়’ মন্দিরের মূর্তি ভাঙচুর ও মালামাল লুটের পর এটি দখল করেন, পরে মন্দিরটির নাম রাখেন ‘রাজাকার মঞ্জিল’৷ ২৪ অক্টোবর মোবারক শিমরাইল গ্রামের আশুরঞ্জনকে অপহরণ করে ‘রাজাকার মঞ্জিলে’ আটকে রাখেন এবং ২৮ অক্টোবর তাঁকে কুড়ুলিয়া খালের পাড়ে নিয়ে গুলি করে হত্যা করেন৷
তৃতীয় অভিযোগ অনুসারে, একাত্তরের ১১ নভেম্বর রাতে মোবারক তাঁর রাজাকার সহযোগীদের নিয়ে ছাতিয়ান গ্রামের আবদুল খালেককে অপহরণ করেন৷ খালেককে ওই রাতেই তিতাস নদীর পশ্চিম পাড়ে বাকাইল ঘাটে নিয়ে হত্যা করা হয়৷ চতুর্থ অভিযোগ, ২৪-২৫ নভেম্বর মোবারকের নেতৃত্বে রাজাকাররা খড়মপুর গ্রামের খাদেম হোসেন খানকে অপহরণ করে ব্রাহ্মণবাড়িয়া কলেজে স্থাপিত সেনা ক্যাম্পে আটকে রেখে নির্যাতন করে৷ ৬ ডিসেম্বর কয়েকজন বন্দীর সঙ্গে তাঁকে কুড়ুলিয়া খালের পাড়ে নিয়ে গুলি করে হত্যা করা হয়৷ পঞ্চম অভিযোগ, ২৮-২৯ নভেম্বর রাতে পাকিস্তানি সেনা ও রাজাকারদের সঙ্গে নিয়ে মোবারক খড়মপুর গ্রামের আবদুল মালেক ও আমিরপাড়া গ্রামের মো. সিরাজকে অপহরণ করেন৷ ৬ ডিসেম্বর সিরাজকে কুড়ুলিয়া খালের পাড়ে নিয়ে হত্যা করা হয়৷