নিজেদের দাখিল করা নথির সত্যতা প্রমাণে রাষ্ট্রপক্ষের ব্যর্থতার কারণে মো. মোবারক হোসেনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার কার্যক্রম পিছিয়ে গেছে। ২৭ মে পর্যন্ত এ মামলার যুক্তি উপস্থাপন মুলতবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। মোবারক ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক নেতা৷
বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত ট্রাইব্যুনাল-১-এ গতকাল বুধবার এ মামলায় চূড়ান্ত যুক্তি উপস্থাপন শেষ হতে পারত। কিন্তু আসামিপক্ষের যুক্তি খণ্ডনকালে ট্রাইব্যুনালের প্রশ্নের মুখে রাষ্ট্রপক্ষ খেই হারিয়ে ফেলে। যত্ন নিয়ে মামলা পরিচালনা না করায় রাষ্ট্রপক্ষের প্রতি অসন্তোষ প্রকাশ করে ট্রাইব্যুনাল বলেন, বিপুল পরিমাণ অপ্রয়োজনীয় নথি দাখিল করে রাষ্ট্রপক্ষ সরকারি অর্থ অপচয় করেছে।
গতকাল ট্রাইব্যুনালের কার্যক্রমের শুরুতে প্রথমে যুক্তি দেন আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম। তিনি বলেন, রাষ্ট্রপক্ষের দাখিল করা শান্তি কমিটির তালিকায় মোবারক হাজির নাম উল্লেখ রয়েছে। রাষ্ট্রপক্ষের নথি অনুসারে মোবারকের বয়স তখন ২১ বছর। ওই বয়সে তিনি কীভাবে হাজি হলেন? এ ছাড়া রাষ্ট্রপক্ষের নথিতে তাঁকে আখাউড়া থানার রাজাকার কমান্ডার উল্লেখ করা হয়েছে। অথচ আখাউড়া থানা গঠিত হয়েছে ১৯৭৬ সালে। তাহলে তিনি কীভাবে একাত্তর সালে আখাউড়া থানার রাজাকার কমান্ডার হলেন?
পরে যুক্তি খণ্ডন শুরু করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাহিদুর রহমান। এ সময় ট্রাইব্যুনাল বিভিন্ন প্রশ্ন করলে তিনি সন্তোষজনক জবাব দিতে পারেননি।
এ মামলায় রাষ্ট্রপক্ষের দাখিল করা বিপুল পরিমাণ নথিপত্র দেখিয়ে ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষকে বলেন, ‘আপনাদের দাখিল করা নথি থেকে সংশ্লিষ্ট মাত্র ১০ পৃষ্ঠার ওপর যুক্তি দিয়েছেন। তাহলে বাকি পৃষ্ঠাগুলো কেন ট্রাইব্যুনালে জমা দিলেন? প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ) এ মামলায় মুক্তিযুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার বীরাঙ্গনাদের একটি তালিকা দিয়েছে, যা এ মামলার কোনো অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট নয়। এগুলো অপ্রয়োজনে জমা দেওয়া হয়েছে। এগুলোর ওপর আপনাদের প্রতিপক্ষ যুক্তি দিয়েছে এবং প্রশ্ন তোলার সুযোগ পেয়েছে।’
রাষ্ট্রপক্ষের দাখিল করা নথিপত্রের ১০৬ নম্বর পৃষ্ঠায় একটি ফুটনোটে লেখা ‘এএসপি হেলাল কথা বলুন। পরের কপিগুলো সত্যায়িত নহে’। ট্রাইব্যুনাল ওই পৃষ্ঠার প্রতি দৃষ্টি আকর্ষণ করে সাহিদুর রহমানকে বলেন, ‘এ ফুটনোট তদন্ত কর্মকর্তা রাষ্ট্রপক্ষকে দিয়েছেন। আপনি এ ফুটনোটসহ নথি ট্রাইব্যুনালে জমা দিয়েছেন। আপনি এটা দেখারও সময় পাননি!...আমরা আর কিছু বলতে পারছি না, এখানে সাংবাদিকেরা উপস্থিত আছেন।’
মামলার নথি হিসেবে রাষ্ট্রপক্ষের দাখিল করা ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয় থেকে পাওয়া রাজাকার তালিকার গ্রহণযোগ্যতা নিয়ে গত রোববার ট্রাইব্যুনাল প্রশ্ন তুলেছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক কার্যালয়ে ফোন করে এর সত্যতা যাচাইয়ের জন্য সেদিন রাষ্ট্রপক্ষকে নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। গতকাল ট্রাইব্যুনাল এ বিষয়ে জানতে চাইলে সাহিদুর রহমান জবাব দিতে পারেননি। মোবারকের বিরুদ্ধে মামলা হওয়ার অনেক পরে ২০১২ সালে রাজাকারদের ওই তালিকা তৈরি করা হয়। ওই তালিকায় মোবারকের নাম রয়েছে।
এদিকে মোবারকের বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রায় এক বছর পর এবং যখন মামলার কার্যক্রম শেষের পথে, তখন গতকাল অভিযোগ গঠনের আদেশে সংশোধনী আনার আরজি জানিয়েছে রাষ্ট্রপক্ষ। গত বছরের ২৩ এপ্রিল এই ট্রাইব্যুনাল মোবারকের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ গঠন করেন৷ তৃতীয় অভিযোগ অনুসারে, একাত্তরের ১১ নভেম্বর রাত নয়টার দিকে মোবারক তাঁর সশস্ত্র রাজাকার সহযোগীদের নিয়ে ছাতিয়ান গ্রামের আবদুল খালেককে অপহরণ করে সুহিলপুর ইউনিয়ন পরিষদে স্থাপিত রাজাকার ক্যাম্পে নিয়ে যান ও শারীরিক নির্যাতন করেন। ওই রাতেই খালেককে তিতাস নদীর পশ্চিম পাড়ে বাকাইল ঘাটে নিয়ে গুলি করে ও বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়।
কিন্তু সাক্ষীর সাক্ষ্য অনুসারে, ওই ঘটনা রাত নয়টায় নয়, সকাল নয়টায় ঘটেছে। একই ঘটনায় সময়ের এ পার্থক্য নিয়ে ট্রাইব্যুনালের প্রশ্নের জবাবে রাষ্ট্রপক্ষের ভারপ্রাপ্ত প্রধান কৌঁসুলি সৈয়দ হায়দার আলী তা সংশোধন করে দেওয়ার আরজি জানান। তবে এর জোরালো বিরোধিতা করে আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম বলেন, আসামিপক্ষ রাত নয়টা মনে করে সাক্ষীকে জেরা করেছে। এখন যদি সংশোধন করে সকাল নয়টা করা হয়, তবে আসামিপক্ষ কী আবার জেরা করার সুযোগ পাবে?
এ পর্যায়ে হায়দার আলী বলেন, এমন ভুল হতেই পারে৷ এটা সংশোধন করলে কোনো সমস্যা নেই।
এ সময় ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষকে বলেন, ‘আপনারা হাঁটতে হাঁটতে বলবেন আর ট্রাইব্যুনাল তা ঠিক করে দেবেন?’ হায়দার আলী বলেন, তাঁরা সংশোধনীর জন্য লিখিত আবেদন জমা দেবেন। পরে ওই আবেদন জমা ও ট্রাইব্যুনালের বিভিন্ন প্রশ্নের রাষ্ট্রপক্ষের জবাবের জন্য যুক্তি উপস্থাপন ২৭ মে পর্যন্ত মুলতবি করা হয়।