মোবারকের সর্বোচ্চ সাজা চেয়েছে রাষ্ট্রপক্ষ
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক নেতা মো. মোবারক হোসেনের সর্বোচ্চ সাজা চেয়েছে রাষ্ট্রপক্ষ৷ তাদের দাবি, মোবারকের বিরুদ্ধে সব অভিযোগ রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছে৷
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ চূড়ান্ত যুক্তি উপস্থাপনের সময় গতকাল সোমবার রাষ্ট্রপক্ষ এ দাবি জানায়৷ আসামির কাঠগড়ায় মোবারক হাজির ছিলেন৷
গতকাল যুক্তি উপস্থাপনের দ্বিতীয় দিনে মোবারকের বিরুদ্ধে চতুর্থ ও পঞ্চম অভিযোগের বিষয়ে যুক্তি দেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাহিদুর রহমান৷ এরপর আইনগত বিষয়ে যুক্তি দেন রাষ্ট্রপক্ষের ভারপ্রাপ্ত প্রধান কেঁৗসুলি সৈয়দ হায়দার আলী৷ তিনি বলেন, রাষ্ট্রপক্ষ সন্তোষজনকভাবে অভিযুক্ত মোবারকের বিরুদ্ধে পাঁচটি অভিযোগই সুস্পষ্টভাবে প্রমাণ করতে পেরেছে৷ এ জন্য আসামির সর্বোচ্চ সাজা হওয়া উচিত৷
আসামিপক্ষের উপস্থাপিত সাক্ষ্য অনুসারে, ১৯৫৬ সালে জন্মগ্রহণকারী মোবারক একাত্তরে ব্রাহ্মণবাড়িয়ার রেলওয়ে স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ছিলেন৷ এ বিষয়ে যুক্তি দিয়ে রাষ্ট্রপক্ষ বলে, জাতীয় পরিচয়পত্রে দেওয়া তথ্য অনুসারে মোবারকের জন্ম ১৯৫০ সালের ১০ জানুয়াির৷ রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষে আসামির পক্ষে যুক্তি উপস্থাপন শুরু করেন তাঁর আইনজীবী মিজানুল ইসলাম৷ যুক্তি উপস্থাপন অসমাপ্ত অবস্থায় এ মামলার কার্যক্রম আজ মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয়েছে৷