মোমবাতি জ্বালাতে গিয়ে দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যুৎ চলে যাওয়ায় মোমবাতি জ্বালাতে গিয়ে আগুনে পুড়ে মারা গেছেন বৃদ্ধা সুফিয়া খাতুন (৮৪)। গতকাল মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ গোরান এলাকায়।
দগ্ধ সুফিয়া খাতুনকে রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তাঁর স্বজনেরা। তাঁদেরই একজন হাসপাতালে সাংবাদিকদের বলেন, বিদ্যুৎ না থাকায় রাত সাড়ে আটটার দিকে সুফিয়া খাতুন নিজেই মোমবাতি জ্বালাতে যান। এ সময় কোনো এক ফাঁকে আগুন তাঁর পরনের কাপড়ে লেগে যায়। আগুন খুব দ্রুত তাঁর সারা শরীরে ছড়িয়ে পড়ে। বয়স বেশি হওয়ায় তিনি আগুন নেভাতে পারেননি।
খিলগাঁও থানার এসআই মাহবুবুর রহমান বলেন, মাগরিবের সময় থেকেই ওই এলাকায় বিদ্যুৎ ছিল না। মোমবাতি জ্বালাতে গিয়ে বৃদ্ধা আগুনে পুড়ে যান। তাঁর লাশ ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।