মোমবাতি জ্বেলে ২৫ মার্চের কাল রাতকে স্মরণ

নড়াইল শিল্পকলা একাডেমির মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের পাদদেশে গতকাল শুক্রবার সন্ধ্যায় মোমবাতি জ্বালিয়ে ২৫ মার্চের ভয়াল রাতকে স্মরণ করেছে নড়াইলবাসী। একই সময় গোপালগঞ্জ প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে মোমবাতি প্রজ্বালন করা হয়।
নড়াইলে জেলা প্রশাসন, প্রথম আলো বন্ধুসভা ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের যৌথ উদ্যোগে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি, আলোচনা সভা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। মোমবাতি প্রজ্বালন কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান। এর সঙ্গে সঙ্গে শুরু হয় সংগীত। অনুষ্ঠান চলে মোমবাতি জ্বলার সময় পর্যন্ত।
অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক ছাড়াও পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার এম এম গোলাম কবির, ডেপুটি কমান্ডার এস এ মতিন, মুক্তিযোদ্ধা সাইফুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক মলয় কুন্ডু, বন্ধুসভার উপদেষ্টা শাহ জালাল মুকুল প্রমুখ। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর প্রতিনিধি কার্ত্তিক দাস।
এদিকে সন্ধ্যায় গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত শহীদ মিনারের পাদদেশে মোমবাতি প্রজ্বালন অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য খোন্দকার নাসিরউদ্দিন। এর আগে বিকেলে গোপালগঞ্জ শহরের নজরুল পাবলিক লাইব্রেরি মিলনায়তনে স্বাধীনতা দিবস উপলক্ষে রুখসানা কাজল রচিত মুক্তিযুদ্ধ-বিষয়ক বই তোমার জন্য মেয়ে পাঠ করেন বন্ধুসভার সদস্যরা।
গোপালগঞ্জ প্রথম আলো বন্ধুসভার সভাপতি অনুপ বণিক বলেন, ২৫ মার্চ কালরাত ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে হাজারো মোমবাতি জ্বালানো ও মুক্তিযুদ্ধ-বিষয়ক গল্পের বই পাঠের এ আয়োজন করে বন্ধুসভা।