মোমবাতির আলোয় চিকিৎসা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ শয্যার হাসপাতাল। কিন্তু এটিতে বিদ্যুতের সংযোগ নেই প্রায় ছয় বছর ধরে। মোমবাতি বা মুঠোফোনের আলোয় চলে স্বাস্থ্যসেবা। তিনজন চিকিৎসক থাকলেও তাঁরা বেতন পাচ্ছেন না।
এ অবস্থা কুমিল্লার দাউদকান্দি উপজেলার দোনারচর হাসপাতালের। ২০১০ সালের আগস্ট থেকে হাসপাতালটি বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এর আগে ১৬ মাসের বিদ্যুৎ বিল বকেয়া পড়ে তাদের।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ২০০৬ সালে দাউদকান্দি পৌরসভার দোনারচর এলাকায় গড়ে ওঠে দোনারচর ২০ শয্যা হাসপাতাল। তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের নির্বাচনী এলাকা এটি। তাঁর উদ্যোগেই এ হাসপাতাল নির্মাণ করা হয়। তবে চালুর পর থেকে জনবলসংকট যেন এর নিত্যসঙ্গী। শুরুর দিকে প্রেষণে জনবল এনে কার্যক্রম চালানো হতো। দিন যত গেছে, অবস্থা ততই করুণ হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, বর্তমানে চিকিৎসক হিসেবে রোগীদের সেবা দেন চারজন। এর বাইরে একজন ফার্মাসিস্ট ও একজন চিকিৎসা সহকারী রয়েছেন। এই ছয়জনের মধ্যে একজন করে চিকিৎসক, ফার্মাসিস্ট ও চিকিৎসা সহকারী দাউদকান্দি সদর উপ-স্বাস্থ্যকেন্দ্রের জনবল। ওই কেন্দ্রে বসার জায়গা না থাকায় কর্তৃপক্ষের মৌখিক অনুমতি নিয়ে এখানে অফিস করেন তাঁরা।
হাসপাতাল সূত্র জানায়, দোনারচর হাসপাতালের নিজস্ব জনবল হিসেবে রয়েছেন চিকিৎসক নাছের আবুল হাসনাত, ফারজানা আক্তার ও রাসেল মাহমুদ। তাঁরা তিন মাস আগে বদলি নিয়ে এখানে এলেও আজ অবধি বেতন পাচ্ছেন না। কার্যত এখানে ‘শাস্তিমূলক’ বদলি করা হয়। বেতন ছাড়াই কিছুদিন এখানে অফিস করার পর তাঁরা তদবির করে অন্যত্র চলে যান।
খোঁজ নিয়ে জানা যায়, হাসপাতালটি উন্নয়ন খাতের, রাজস্ব খাতের নয়। ফলে এটি থোক বরাদ্দের ওপর নির্ভরশীল। ২০১০ সাল থেকে তা বরাদ্দ বন্ধ রয়েছে।
হাসপাতালের তিন স্থায়ী চিকিৎসকদের একজন ফারজানা আক্তার জানান, হাসপাতালে দারোয়ান, এমএলএসএস, নিরাপত্তাপ্রহরী, পরিচ্ছন্নতাকর্মী কেউই নেই। তাই নিজেদের টাকায় একজন পরিচ্ছন্নতাকর্মী রেখে তাঁরা হাসপাতালটি পরিষ্কার রাখার ব্যবস্থা করেছেন। কিন্তু বিদ্যুতের সংযোগ না থাকায় ভোগান্তি বেশি হচ্ছে।
আরেক চিকিৎসা কর্মকর্তা নাছের আবুল হাসনাত বলেন, আকাশ মেঘাচ্ছন্ন হলেই হাসপাতালের ভেতরে অন্ধকার নেমে আসে। তখন মোমবাতি বা মুঠোফোনের আলো দিয়ে কার্যক্রম চালাতে হয়। প্রতিদিন ২০-৩০ জনকে এভাবেই চিকিৎসাসেবা দিতে হয়।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী আমেনা আক্তার ও ইফফাত জাহান বলেন, ‘বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমের মধ্যে চিকিৎসা নিতে আমাদের কষ্ট হয়।’
দাউদকান্দি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আবদুল হামিদ বলেন, এলাকায় এমন একটি হাসপাতাল থেকেও কাঙ্ক্ষিত সেবা পাওয়া যাচ্ছে না, এটা পৌরবাসীর জন্য বড় দুঃখ।
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর আওতাধীন দাউদকান্দি কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শাখাতয়াত হোসেন বলেন, ১৬ মাসে ৫৬ হাজার ৩০২ টাকা বকেয়া পড়ার পর তা পরিশোধ করতে হাসপাতালের কর্তৃপক্ষ বারবার চিঠি দেওয়া হয়। এরপরও বিল পরিশোধ না করায় ২০১০ সালের ৮ আগস্ট সংযোগটি বিচ্ছিন্ন করা হয়। বিল পরিশোধ ছাড়া হাসপাতালে পুনরায় সংযোগ দেওয়ার কোনো সুযোগ নেই।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শাহ আলম মোল্লা বলেন, বরাদ্দ না থাকায় হাসপাতালটির চিকিৎসকদের বেতন ও বিদ্যুৎ বিল দেওয়া যাচ্ছে না। বরাদ্দ আনার চেষ্টা চলছে।