মোমিন হত্যা মামলায় সাজাপ্রাপ্ত সাবেক ওসি রফিক মারা গেছেন
ঢাকা কমার্স কলেজের ছাত্র কামরুল ইসলাম ওরফে মোমিন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মতিঝিল থানার সাবেক ওসি রফিকুল ইসলাম (৫৬) গতকাল মঙ্গলবার রাতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বলেন, রফিকুল ইসলাম গতকাল রাত ১১টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বুকে ব্যথা অনুভব করলে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।
২০০৫ সালের ১৩ সেপ্টেম্বর রাজধানীর ইব্রাহিমপুরে নিজ বাড়ির কাছে খুন হন কলেজছাত্র মোমিন। এ ঘটনায় তাঁর বাবা আবদুর রাজ্জাক (প্রয়াত) ওসি রফিকসহ ২৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। ২০১১ সালের জুলাইতে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মোমিন হত্যার দায়ে রফিকসহ তিনজনকে মৃত্যুদণ্ড এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন।