মোরগ ও ষাঁড়ের লড়াই কার্যক্রম প্রশ্নে রুল
খেলার নামে মোরগ, ছাগল ও ষাঁড়ের লড়াই এবং কুকুর নিধনের মতো কার্যক্রম বন্ধে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সুনামগঞ্জের ছাতকে ষাঁড়, মোরগ ও ছাগলের লড়াইয়ের মতো এ ধরনের কার্যক্রমের ওপর আট সপ্তাহের নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে।
বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল রোববার রুলসহ এ আদেশ দেন। আইনসচিব, স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকার জেলা প্রশাসক, সুনামগঞ্জের পুলিশ সুপারসহ বিবাদীদের তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
ছাতকে ষাঁড়ের লড়াইয়ের ঘটনা তুলে ধরে খেলার নামে প্রাণী দিয়ে এ ধরনের কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে অভয়ারণ্য বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষে ব্যারিস্টার নাদিয়া চৌধুরী গতকাল রিটটি দাখিল করেন। রিটের পক্ষে তিনিই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস।
পরে নাদিয়া চৌধুরী প্রথম আলোকে বলেন, খেলার নামে নিরীহ প্রাণী দিয়ে এ ধরনের লড়াইয়ের আয়োজন নিষ্ঠুর প্রক্রিয়া। কুকুরও নিধন করা হচ্ছে।