মোরগ নিয়ে টানাটানি সমাধান লটারিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় প্রথম দফায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গতকাল বৃহস্পতিবার প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। একই প্রতীক একাধিক প্রার্থীর পছন্দ হওয়ায় লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
সকাল থেকেই চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য পদপ্রার্থীরা দলবল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে হাজির হন। তাঁদের সঙ্গে কথা বলে লটারির বিষয়ে জানা যায়।
রায়গঞ্জের ধুবিল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে সদস্য পদপ্রার্থী চারজনেরই পছন্দের প্রতীক ছিল মোরগ। সিদ্ধান্ত নিতে লটারির ব্যবস্থা করা হয়। কিন্তু লটারিতে কেউই মোরগ পাননি। মোরগের দাবিদার সদস্য পদপ্রার্থী আবু তালেব বলেন, ‘নিজেদের মধ্যে সমঝোতা না হওয়ায় লটারি করতে হলো। শেষে টিউবওয়েল নিয়ে ফিরতে হচ্ছে।’
ব্রহ্মগাছা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে সদস্য পদপ্রার্থী চারজনেরই পছন্দ ছিল মোরগ। লটারিতে মোরগ প্রতীক পেয়ে সন্তোষ প্রকাশ করেন বর্তমান সদস্য আবদুল হান্নান। তিনি বলেন, ‘গতবারে মোরগ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছি। এবারও লটারিতে মোরগ পেয়েছি।’
ব্রহ্মগাছা ইউপিতে চেয়ারম্যান পদে তিন স্বতন্ত্র প্রার্থীর পছন্দের প্রতীক ছিল আনারস। লটারি করে আনারস পান উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বর্তমান চেয়ারম্যান নাসির উদ্দিন মাহমুদ।
রায়গঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা উজ্জ্বল কুমার রায় বলেন, পছন্দের প্রতীক পাওয়া মানে নির্বাচনী মাঠে অনেকখানি এগিয়ে যাওয়া বলে মনে করেন প্রার্থীরা। তাই তাঁরা প্রতীকের দাবি ছাড়তে চান না। ফলে লটারি করেই সিদ্ধান্ত নিতে হয়।
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, উপজেলার ১৩ ইউপির মধ্যে নয়টিতে প্রথম দফায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। গতকাল চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ সদস্য পদে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। ৮১টি ওয়ার্ডের মধ্যে ১১টিতে একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১১ জন ইউপি সদস্যকে নির্বাচিত ঘোষণা করা হয়। অন্য ৭০টির মধ্যে অন্তত ৫০টি ওয়ার্ডে প্রায় ২০০ প্রার্থীই মোরগ প্রতীক পেতে চান। পরে নিজ নিজ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে লটারির মাধ্যমে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সৌমেন বিশ্বাস বলেন, মোরগ গ্রামবাংলায় অতি পরিচিত। এ ছাড়া আগেও মোরগ প্রতীক অন্য রকম পছন্দের ছিল। এ কারণেই মোরগ প্রতীক বেশির ভাগ প্রার্থীর পছন্দ। শেষমেশ লটারির মাধ্যমে এর সমাধান করা হয়।