মোসাদ্দেক আলী ও সাবেক দুই সাংসদ আবার রিমান্ডে
বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুকে আবার পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার ঢাকার মহানগর হাকিম তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া এ আদেশ দেন। একই সঙ্গে আদালত জামিনের আবেদন নাকচ করে দেন।
ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে ২৮ জানুয়ারি মিরপুর থানার পুলিশ এ মামলা করে। গতকাল এ মামলায় মোসাদ্দেক আলীকে গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ৭ ফেব্রুয়ারি বিস্ফোরক দ্রব্য আইনে করা বাড্ডা থানার একটি মামলায় মোসাদ্দেক আলীকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। গতকাল এই মামলায় রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে মিরপুর থানার মামলায় রিমান্ডের আবেদন করে পুলিশ। এর আগে ২ ফেব্রুয়ারি খিলগাঁও থানার অপর একটি মামলায় পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয় তাঁকে। দুই দফায় তাঁকে আট দিনের রিমান্ডে নেওয়া হয়। খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে থেকে ১ ফেব্রুয়ারি রাত আটটায় তাঁকে আটক করে ডিবি পুলিশ।
এদিকে লক্ষ্মীপুরের সাবেক দুই সাংসদ নিজাম উদ্দিন ও আশরাফ উদ্দিনকে আবারও তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন পৃথক আদালত।
রাজধানীর মতিঝিল থানায় দ্রুত বিচার আইনে করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মতিঝিলে বঙ্গবীর কাদের সিদ্দিকীর অবস্থান কর্মসূচি থেকে ফেরার পথে ৪ ফেব্রুয়ারি নিজাম উদ্দিন ও আশরাফ উদ্দিনকে আটক করে পুলিশ। ৫ ফেব্রুয়ারি তাঁদের পল্টন থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। গতকাল রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে মতিঝিল থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড চাওয়া হয়।