মোসাদ্দেক আলীর জামিন প্রথমে নাকচ, পরে মঞ্জুর
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলীর বিরুদ্ধে বাড্ডা থানায় করা নাশকতার মামলায় জামিন পেয়েছেন তিনি। গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান এ আদেশ দেন।
গতকাল মোসাদ্দেক আলী এ মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর মোসাদ্দেক আলীকে আদালত থেকে গারদখানায় নেওয়া হয়। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁর আইনজীবী সানাউল্লাহ মিয়া ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আদেশ পুনর্বিবেচনার জন্য বিশেষ আবেদন জানান। এরপর মুখ্য মহানগর হাকিম আদালত বিষয়টি শুনানির জন্য শাহরিয়ার মাহমুদ আদনানের আদালতে পাঠান।
শুনানিতে মোসাদ্দেক আলীর আইনজীবীরা বলেন, মোসাদ্দেক আলী উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী তিনি আত্মসমর্পণ করে জামিন চেয়েছেন। এ মামলার অনেক আসামি জামিনে আছেন। মোসাদ্দেক আলী অসুস্থ। তাঁর সুচিকিৎসা প্রয়োজন। তাই তিনি জামিন পেতে পারেন।
শুনানি শেষে আদালত মোসাদ্দেক আলীর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন।