মোহনগঞ্জ শহরের প্রধান সড়ক খানাখন্দে ভরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের বসুন্ধরা মোড় থেকে উত্তর দৌলতপুর এলাকার মোড় পর্যন্ত¦প্রায় এক কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটি খানাখন্দে ভরা। সামান্য বৃষ্টি হলেই সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে করে ওই সড়ক দিয়ে যাতায়াতকারী যানবাহনের যাত্রী ও পথচারীদের প্রায় দুই বছর ধরে ভোগান্তি পোহাতে হচ্ছে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পৌরসভা সূত্রে জানা গেছে, শহরের বসুন্ধরা মোড় থেকে উত্তর দৌলতপুর মোড় পর্যন্ত সড়কে ছোট-বড় অসংখ্য গর্ত রয়েছে। এটি শহরের প্রধান সড়ক। এ সড়ক দিয়ে পাশের ধরমপাশা উপজেলার লোকজনকে মোহনগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করতে হয়। প্রতিদিন এ সড়কে ট্রাক, ইঞ্জিনচালিত ট্রলি, মোটরসাইকেল, ইজিবাইক, অটোরিকশা, ঠেলাগাড়ি, ভটভটিসহ পাঁচ শতাধিক যানবাহন চলাচল করে। সড়কের এক পাশে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
গত বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে দেখা যায়, প্রায় এক কিলোমিটার সড়কে ৬০ থেকে ৭০টি ছোট-বড় গর্ত রয়েছে। বৃষ্টি হওয়ায় এসব গর্তে পানি জমেছে।
শহরের উত্তর দৌলতপুর এলাকার বাসিন্দা আলী আমজাদ (৪২) বলেন, দুই বছর ধরে সড়কটির অবস্থা ভয়াবহ হলেও এ নিয়ে যেন কারও কোনো মাথাব্যথা নেই। সড়কে খানাখন্দ থাকায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
মোহনগঞ্জ মহিলা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী লিমা আক্তার, মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী আলী আজহার ফাহিম, মোহনগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী অনিকা আক্তার, আজিমা আক্তারসহ কয়েকজন শিক্ষার্থী জানায়, এ সড়ক দিয়েই তাদের স্কুল-কলেজে আসা-যাওয়া করতে হয়। বিকল্প কোনো সড়ক না থাকায় বর্ষা মৌসুমে প্রায় প্রতিদিনই কাদা পানি মাড়িয়ে এ সড়ক দিয়েই তাদের চলাচল করতে হচ্ছে। সড়কটি দ্রুত সংস্কার করা প্রয়োজন।
ধরমপাশা সদর বাজারের ব্যবসায়ী মো. আলী নূর (৩৯) বলেন, আগে মোহনগঞ্জ সদর বাজার থেকে ২০০ টাকা ভাড়ায় ঠেলাগাড়িতে করে মালামাল ধরমপাশা বাজারে আনা যেত। কিন্তু সড়কটির অবস্থা দিনে দিনে খারাপ হওয়ায় এখন ভাড়া দিতে হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকা।
বিভিন্ন যানবাহনের অন্তত সাতজন চালক জানান, সড়কটি বিপজ্জনক হয়ে ওঠায় তাঁরা ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। ওই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে সময় বেশি লাগায় ভাড়াও একটু বেশি নিতে হচ্ছে।
মোহনগঞ্জ পৌরসভার মেয়র মাহবুবুন্নবী শেখ বলেন, ‘পৌর শহরের প্রধান সড়ক হলেও এটি সওজের অধীনে রয়েছে, তাই কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। তবে দ্রুত জনদুর্ভোগ লাঘব করার জন্য এ নিয়ে আমি সওজের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলেছি।’
সড়ক ও জনপথ বিভাগ (সওজ) নেত্রকোনার নির্বাহী প্রকৌশলী মো. মাসুদ খান গত শুক্রবার (২৯ মে) বলেন, ‘আগামী সপ্তাহ দুয়েকের মধ্যে ওই সড়কের উন্নয়নকাজ শুরু করা সম্ভব হবে বলে আশা করছি। আপাতত সড়কের গর্তে খোয়া ও বালু ফেলে তা সাময়িকভাবে চলাচলের উপযোগী করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’