মোহনগঞ্জে তিন শতাধিক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় গত এক মাসে তিন শতাধিক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে দুজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। পর্যাপ্ত শয্যা না থাকায় অনেক রোগীকে মেঝেতে রেখে বা সাময়িক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে নারী-শিশুসহ ২০৫ জন রোগী গত ৩০ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ সেপ্টেম্বর মারা যায় উপজেলার নগর গ্রামের আজিম উদ্দিনের ছেলে নাঈম (৫) এবং ১৮ অক্টোবর পাশের আটপাড়া উপজেলার খিলা গ্রামের আলাইমিয়ার ছেলে আরিফ মিয়া (১৮)। শয্যাসংখ্যা কম থাকায় অনেক রোগীকে হাসপাতালে রাখা সম্ভব হচ্ছে না। আবার অনেক রোগীর শারীরিক অবস্থার একটু উন্নতি হলেই ব্যবস্থাপত্র দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। এ ছাড়া মেঝেতে রেখেও চিকিৎসা চলছে।
গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে সরেজমিনে দেখা যায়, ডায়রিয়া ওয়ার্ডের ছয়টি শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ১২ জন। বাড়তি রোগীদের ওয়ার্ডের বারান্দার মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ভর্তি থাকা মাঘান গ্রামের ডায়রিয়ায় আক্রান্ত তিন বছরের শিশু আতিকা বেগমের বাবা সাসতু মিয়া (৪০) বলেন, ‘মেয়েডারে নিয়া তিন দিন ধইর্যা এইহানে আছি। আমরার গ্রামে আরও অনেকেরই এই রোগ অইছে। হেরা ঘরেই চিকিৎসা নিতাছে।’
স্বাস্থ্য কমপ্লেক্সের জ্যেষ্ঠ স্টাফ নার্স (ইনচার্জ) রীনা পাল বলেন, পর্যাপ্ত শয্যা না থাকায় ও রোগী বেশি হওয়ায় নিরুপায় হয়ে ডায়রিয়া রোগীদের মেঝেতে রেখেই স্যালাইন ও চিকিৎসাসেবা দিতে হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, পানি কমতে থাকায় এবং দূষিত পানির ব্যবহারসহ নানা কারণে উপজেলায় ডায়রিয়া রোগীদের সংখ্যা এখন কিছুটা বেশি। গত এক মাসে তিন শতাধিক রোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছে বলে জানান তিনি।