মোহনলাল হত্যায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে সভা
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ক্ষুদ্র জাতিসত্তার সদস্য কৃষক মোহনলাল পাহান (৬২) হত্যায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে গতকাল বুধবার প্রতিবাদ সভা হয়েছে। জেলা সদরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে এই সভা করে জেলা জাতীয় আদিবাসী পরিষদ।
সংগঠনের সভাপতি বাবুল রবি দাসের সভাপতিত্বে বক্তব্য দেন ঐক্য ন্যাপের কেন্দ্রীয় কমিটির সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় নেতা রবীন্দ্রনাথ সরেন, জাতীয় আদিবাসী যুব পরিষদের কেন্দ্রীয় নেতা হরেন সিংহ, হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি চঞনা চাকমা প্রমুখ। তাঁরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে প্রায় ৩৬ বিঘা জমি নিয়ে ক্ষুদ্র জাতিসত্তা সদস্যদের সঙ্গে ওই এলাকার ১০ থেকে ১২টি প্রভাবশালী পরিবারের বিরোধ চলছে। তাই মোহনলাল পাহানকে খুন করা হতে পারে। কিন্তু এর ৪২ দিন পরেও পুলিশ হত্যাকারীদের গ্রেপ্তার করতে পারেনি।
উপজেলার নুরনগর শিয়ালাপাড়া গ্রামে গত ১৬ আগস্ট নিজ বাড়ির অদূরে মোহনলালের গলা কাটা লাশ পাওয়া যায়। পরদিন নিহত ব্যক্তির ছেলে থানায় মামলা করেন।
আক্কেলপুর থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, মামলার তদন্ত চলছে। জড়িতদের গ্রেপ্তার করা হবে।