মোহনা হাসপাতাল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক জগ্লুল আহ্মেদ চৌধূরীর মৃত্যুর ঘটনায় রাজধানীর পান্থপথের মোহনা হাসপাতালের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। গতকাল সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, হাসপাতালটি কোনো অনুমোদন ছাড়াই চলছিল।
গত ২৯ নভেম্বর সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত জগ্লুল আহ্মেদ চৌধুরীকে মোহনা হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর
যথাযথ চিকিৎসা না দেওয়ার অভিযোগ ওঠে। পরে পাশের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যুগ্ম সচিব মোশাররফ হোসেন ও স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক এ বি এম আবদুল হান্নানের নেতৃত্বে একটি দল গতকাল মোহনা হাসপাতাল পরিদর্শনে যায়। এ সময় হাসপাতালটি কোনো লাইসেন্স দেখাতে পারেনি। হাসপাতালটি রোগ নির্ণয়কেন্দ্রের অনুমোদন নিয়ে চিকিৎসা কার্যক্রম চালাচ্ছিল। এর পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক হাসপাতাল বন্ধ করে দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে সেখানে ভর্তি হওয়া রোগীদের অন্য হাসপাতালে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
গতকালই স্বাস্থ্য মন্ত্রণালয় সাংবাদিক জগ্লুল আহ্মেদ চৌধুরীর মৃত্যুর ঘটনায় অবহেলার অভিযোগ খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে।