মোহন্ত চান অন্য রাজ্যও ভার নিক সিদ্ধান্ত হাইকোর্টকে অবহিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ থেকে একাত্তর-পরবর্তী আসা শরণার্থীদের ভারতের আসাম রাজ্য সরকারের নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব অনুমোদনের বিষয়টি গত বৃহস্পতিবারই গুয়াহাটি হাইকোর্টকে অবহিত করা হয়েছে।
এদিকে আসামের সাবেক মুখ্যমন্ত্রী ও আসাম গণপরিষদের সভাপতি প্রফুল্ল কুমার মোহন্ত রাজ্যে অবস্থানকারী লাখো ‘বাংলাদেশি’ শরণার্থীকে রাজ্য সরকারের নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব অনুমোদনকে স্বাগত জানিয়েছেন। তবে তিনি বলেছেন, এ চাপ শুধু আসাম বইবে কেন? অন্য রাজ্যেও তাঁদের পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত। খবর টাইমস অব ইন্ডিয়ার।
গতকাল শুক্রবার মোহন্ত বলেন, ‘বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের ভার কেন সব সময় আসাম রাজ্যকেই নিতে হবে? দীর্ঘ দিন ধরে আমরা এই চাপ সহ্য করছি। বাংলাদেশ থেকে অভিবাসীরা এই রাজ্যে আশ্রয় নিচ্ছেন। বিষয়টিকে মানবিক দিক থেকে দেখতে হবে। কিন্তু এসব মানুষকে আসাম ছাড়াও অন্য রাজ্যে পুনর্বাসনের সুযোগ করে দিতে হবে।’
একাত্তরের ২৫ মার্চের পর থেকে যেসব বাংলাদেশি পালিয়ে আসামে আশ্রয় নেন, তাঁদের এত দিন অবৈধ অভিবাসী গণ্য করা হতো। কিন্তু গত বুধবার রাজ্য মন্ত্রিসভায় তাঁদের নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব অনুমোদন দেয়। এর প্রতিক্রিয়ায় মোহন্ত এসব কথা বলেন।
তবে দ্য অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন (আসু) ও কৃষক মুক্তি সংগ্রাম সমিতি রাজ্য সরকারের মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে। আসুর উপদেষ্টা সমুজ্জ্বল ভট্টাচার্য বলেন, ‘মন্ত্রিসভার এই সিদ্ধান্ত আসাম চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। আমাদের অবস্থান স্পষ্ট, ১৯৭১ সালের ২৪ মার্চের মধ্যরাতের পর হিন্দু কিংবা মুসলিম অথবা অন্য যেকোনো ধর্মের লোক বাংলাদেশ থেকে এখানে প্রবেশ করুন না কেন তাঁরা অবৈধ নাগরিক। তাঁদের নিজ দেশে ফেরত পাঠাতে হবে।’