মোহরার চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি
চট্টগ্রামের মোহরা ওয়ার্ড এলাকার চাঁদাবাজ, ভূমিদস্যু ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।
মোহরা ওয়ার্ডের কাজীরহাট, কামাল বাজার ও রাস্তার মাথা ব্যবসায়ী সমিতি যৌথভাবে গতকাল শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে এ কর্মসূচির আয়োজন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন কাজীরহাট ব্যবসায়ী সমিতির সভাপতি সাইফুদ্দিন সওদাগর।
লিখিত বক্তব্যে সাইফুদ্দিন সওদাগর বলেন, মোহরা এলাকার জনগণ সন্ত্রাসী মিজানুর রহমান ও তাঁর অনুসারীদের সন্ত্রাসী কর্মে অতিষ্ঠ। তাঁরা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা, জমি দখলসহ নানা সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছেন। এসব কার্যকলাপের প্রতিবাদ করলে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়।
সংবাদ সম্মেলনে সাইফুদ্দিন বলেন, ‘ঈদের আগের রাতে মিজানুর রহমান ও তার অনুসারীরা বাজারের এক দোকানমালিককে মারধর করে। তাঁকে উদ্ধার করতে গেলে আমাকে মারধর করে তুলে নিয়ে যায়। পাঁচ লাখ টাকা দেওয়ার পরেও আটকে রেখে নির্যাতন চালায়। বিক্ষুব্ধ স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা ঈদের দিন আমাকে মিজানের কার্যালয় থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন। জনগণের দাবির মুখে পুলিশ মিজানকে গ্রেপ্তার করে। কিন্তু তার অনুসারীরা আমাকে ও আমার পরিবারের সদস্যদের প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিচ্ছে। তাই প্রাণরক্ষায় আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোহরা ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আজম, ব্যবসায়ী নেতা কাজি মহিউদ্দিন, নুরুছাফা সওদাগর, রহিম রেজা, নুরুল আবছার, মানবাধিকার কর্মী সৈয়দ সিরাজুল ইসলাম, চট্টগ্রাম নগর যুবলীগের সদস্য ইকবাল ইকরাম চৌধুরী প্রমুখ।
মোহরা ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আজম অভিযোগ করেন, ‘স্থানীয় সাংসদ মঈন উদ্দিন খান বাদলের ছত্রচ্ছায়ায় ও যুবলীগের নাম ভাঙিয়ে মিজান দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। মঈন উদ্দিন খান এলাকার বিভিন্ন অনুষ্ঠানে মিজানকে যুবলীগের নেতা হিসেবে সম্বোধন করেন।’
তবে অভিযোগ অস্বীকার করে সাংসদ মঈন উদ্দিন খান বাদল বলেছেন, ‘মিজানুর রহমান আমাদের রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নন। তিনি অপ্রকৃতিস্থ ও মাতাল। ব্যবসায়ীকে আটক ও চাঁদাবাজির অভিযোগটি শোনা মাত্র মিজানুর রহমানকে গ্রেপ্তার করতে পুলিশকে নির্দেশ দিয়েছি এবং পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।’