মোহাম্মদ আলী, রিয়াজ উদ্দিনসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পুরানা পল্টনের এক বাসা থেকে ৬১ কেজি সোনা ও ৫ বস্তাভর্তি দেশি-বিদেশি মুদ্রা উদ্ধারের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় এস কে মোহাম্মদ আলী, রিয়াজ উদ্দিনসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

ডিবি পুলিশ বলেছে, চোরাচালানের মূল হোতা এস কে মোহাম্মদ আলী। অভিযোগপত্রভুক্ত রিয়াজ উদ্দিন সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান।

জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির সহকারী কমিশনার গোলাম সাকলায়েন প্রথম আলোকে বলেন, পল্টন থানার এই মামলায় এস কে মোহাম্মদ আলীসহ ১২ জনের বিরুদ্ধে গত ২ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে।

আদালত সূত্র বলেছে, মামলাটি বিচারের জন্য ঢাকার মহানগর দায়রা জজ আদালতে পাঠানোর আদেশ হয়েছে।

আদালত সূত্র বলেছে, মামলার অভিযোগপত্রভুক্ত অপর আসামিরা হলেন মজিবুর রহমান চৌধুরী, সালেহ আহম্মেদ, এস এম নুরুল ইসলাম, আবু আহম্মেদ, নবী নেওয়াজ খান, ওমর ফারুক, আলী হোসেন মুন্না, বাবু, উজ্জ্বল ঘোষ ও পংকজ সাহা। এ মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন মোহাম্মদ আলী। রিয়াজ উদ্দিন ও মজিবুর রহমান চৌধুরী জামিনে আছেন। অপর নয়জন পলাতক রয়েছেন। অভিযোগপত্রে পলাতক নয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।

২০১৪ সালের ২৫ ডিসেম্বর পুরানা পল্টনের একটি বহুতল ভবনে এস কে মোহাম্মদ আলীর (৫০) ফ্ল্যাটে অভিযান চালিয়ে শুল্ক গোয়েন্দারা ৫ বস্তা দেশি-বিদেশি মুদ্রা ও ৬১ কেজি ওজনের ৫২৮টি সোনার বার উদ্ধার করে। এর সঙ্গে জড়িত অভিযোগে সেদিন তাঁকে আটক করা হয়। ওই বাসার বালিশের কভার, সোফার কুশনের ভেতর, জাজিম-তোশকের নিচে, আলমারি ও বাসার ফলস (কৃত্রিম) ছাদের ওপর পাওয়া যায় ৫ বস্তা দেশি-বিদেশি মুদ্রা ও সোনার বারগুলো। এ ঘটনায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক মোস্তাফিজুর রহমান বাদী হয়ে পল্টন থানায় মামলা করেন। এজাহারে বলা হয়, সোনা চোরাচালানে এস কে মোহাম্মদ আলী ও রিয়াজ উদ্দিন জড়িত।

এ বিষয়ে জানতে চাইলে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন গত শনিবার প্রথম আলোকে বলেন, ‘সোনা চোরাচালান মামলায় পুলিশ আমার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে বলে শুনেছি। তবে এটি সাজানো মামলা।’

অভিযোগপত্রে বলা হয়েছে, আসামি এস কে মোহাম্মদ আলীসহ অন্য আসামিরা সংঘবদ্ধ চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। পরস্পরের যোগসাজশে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া চোরাচালানের মাধ্যমে সোনার বার এনে বাসায় জমা রাখতেন। পরে আসামি উজ্জ্বল, বাবু ও পংকজদের সহায়তায় সোনা বিক্রি করে আসছিলেন।