মোহাম্মদ আলীর বিরুদ্ধে 'গুরুতর পেশাগত অসদাচরণের' অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শৃঙ্খলা ও আচরণবিধি ভঙ্গ এবং গুরুতর পেশাগত অসদাচরণের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোহাম্মদ আলীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু। গতকাল রোববার আইনমন্ত্রী আনিসুল হকের কাছে তিনি এ চিঠি পাঠান।
অবশ্য মোহাম্মদ আলী কীভাবে শৃঙ্খলাভঙ্গ ও পেশাগত অসদাচরণ করেছেন—এ বিষয়ে কোনো ব্যাখ্যা দিতে গোলাম আরিফ রাজি হননি। তিনি কেবল চিঠি পাঠানোর সত্যতা নিশ্চিত করেছেন।
চিফ প্রসিকিউটরের কার্যালয় সূত্র জানায়, আইনসচিব, অ্যাটর্নি জেনারেল ও ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের দপ্তরে চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।
আইনমন্ত্রী আনিসুল হক গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, চিঠিটি এখনো তাঁর হাতে পৌঁছায়নি। তবে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মোহাম্মদ আলীর বিরুদ্ধে একটি অভিযোগ শুনেছি। এখন সেটা তো একটা অভিযোগ, এর তদন্ত হতে হবে। চিঠি হাতে পাওয়ার পর আনুষ্ঠানিক তদন্ত শুরু হবে।’
তবে ট্রাইব্যুনালের কমপক্ষে চারজন কৌঁসুলি নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেছেন, সম্প্রতি ময়মনসিংহ-৭ আসনের সাংসদ ও জাতীয় পার্টির নেতা এম এ হান্নানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামিন দিতে ট্রাইব্যুনালের এক বিচারককে ঘুষের প্রস্তাব দেন মোহাম্মদ আলী। এ বিষয়টি জানতে পেরে মোহাম্মদ আলীকে সব মামলা থেকে প্রত্যাহার করেন চিফ প্রসিকিউটর।
বর্তমানে ট্রাইব্যুনালে ২০ জন প্রসিকিউটর রয়েছেন। তাঁরা মানবতাবিরোধী অপরাধের বিচারে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন।
৪ ফেব্রুয়ারি চিফ প্রসিকিউটর এক অফিস আদেশের মাধ্যমে মোহাম্মদ আলীকে ট্রাইব্যুনালের মামলা পরিচালনা থেকে প্রত্যাহার করেন। ওই অফিস আদেশে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ট্রাইব্যুনালে বিচারাধীন কোনো মামলা পরিচালনার কাজে মোহাম্মদ আলী অংশ নিতে পারবেন না। জনস্বার্থে এ আদেশ দেওয়া হলো। এরপর গতকাল তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আইন মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষের একজন প্রসিকিউটর বলেন, মোহাম্মদ আলী জামিনের বিনিময়ে ঘুষের এই প্রস্তাব দেওয়ার পর ট্রাইব্যুনালের তিন বিচারক চিফ প্রসিকিউটরকে ডেকে পাঠান। বিচারকেরা সাফ জানিয়ে দেন, মোহাম্মদ আলীকে যেন আর ট্রাইব্যুনালের ত্রিসীমানায় না দেখা যায়। এর পরপরই প্রধান কৌঁসুলি তাঁকে সব মামলা থেকে প্রত্যাহার করেন।
পুরো বিষয়টি বিব্রতকর বলে উল্লেখ করেন রাষ্ট্রপক্ষের একজন জ্যেষ্ঠ প্রসিকিউটর। তিনি বলেন, পুরো প্রসিকিউশন টিম তার জন্য লজ্জায় পড়ে গেছে।
ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজ বলেছেন, প্রসিকিউটরদের নিয়োগ দেয় সরকার, তাঁরা দেশের মানুষের জন্য কাজ করেন। মোহাম্মদ আলী হয়তো এমন কোনো কাজ করেছেন, যেটা দেশের মানুষ ও সরকারের বিরুদ্ধে যায়।
জামিনের বিনিময়ে ঘুষের প্রস্তাব দেওয়ার বিষয়ে জানেন কি না—এমন প্রশ্নের জবাবে তুরিন আফরোজ বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে এমন হয়ে থাকলে সেটা খুবই দুঃখজনক ঘটনা।’
মোহাম্মদ আলী অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি গতকাল প্রথম আলোকে বলেন, ‘চিফ প্রসিকিউটরই ভালো বলতে পারবেন কেন আমার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।’ জামিনের বিনিময়ে ঘুষের প্রস্তাব দিয়েছেন কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অ্যাবসলিউটলি ফলস, আনথিংকেবল অ্যান্ড আনট্রু (সম্পূর্ণ ভিত্তিহীন, অচিন্তনীয় ও অসত্য)।’
এর আগে তুরিন আফরোজই ২০১৪ সালের মার্চে ও জুনে মোহাম্মদ আলীর বিরুদ্ধে অপেশাদার আচরণের জন্য চিফ প্রসিকিউটরের কাছে দুই দফায় অভিযোগ করেছিলেন। এসব অভিযোগ চিফ প্রসিকিউটর আইন মন্ত্রণালয়ে পাঠালেও তার কোনো সুরাহা হয়নি।
মোহাম্মদ আলীর বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে ফৌজদারি মামলা পরিচালনা করারও অভিযোগ রয়েছে। ২০১৪ সালের ২০ জুন প্রথম আলোতে ‘রাষ্ট্রের বিরুদ্ধেও লড়ছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। এতে বলা হয়, ২০১৪ সালের ৭ মে আইন মন্ত্রণালয়ে পাঠানো একটি গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, মোহাম্মদ আলীসহ ট্রাইব্যুনালের কয়েকজন প্রসিকিউটর নিম্ন আদালতে রাষ্ট্রের বিরুদ্ধে ফৌজদারি মামলা পরিচালনা করেন। এ ছাড়া ধামরাই থানার একটি মামলায় বিএনপি ও জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের জামিন করানোর জন্য তিনি আদালতে গিয়েছিলেন।
ওই সময় মোহাম্মদ আলী অবশ্য প্রথম আলোর কাছে ওই অভিযোগ অস্বীকার করেছিলেন। তিনি বলেছিলেন, ধামরাইয়ের ওই মামলার শুনানিতে তিনি উপস্থিত ছিলেন। তাঁর দাবি, সেখানে জামায়াত-শিবিরের কেউ ছিল না, ছিল বিএনপির লোকজন।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গতকাল এসব বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি বলেন, ‘সততার প্রশ্নে জিরো টলারেন্স হওয়া উচিত।’