মোহাম্মদপুর থানায় আটক শিশুদের কারাগারে পাঠানোর বিষয়ে হাইকোর্টের রুল
রাজধানীর মোহাম্মদপুর থানায় নয় অসহায় শিশুকে আটক ও কারাগারে পাঠানোর বিষয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। মোহাম্মদপুর থানা কর্তৃক নয় শিশুকে আটকের ক্ষেত্রে শিশু আইন ও সংশ্লিষ্ট ধারা, আইনগত সহায়তা প্রদান, আইনের বিধান অনুসরণ না করা কেন বেআইনি হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে। পাশাপাশি শিশু আইনের ৫, ৮ ও ৯ ধারার বিধান অনুসরণের কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আজ রোববার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন।
২৭ মে ‘ওরা ক্ষুধার্ত ও ওরা নির্যাতিত’ শিরোনামে প্রথম আলোতে একটি প্রতিবেদন ছাপা হয়। এটি যুক্ত করে সিসিবি ফাউন্ডেশনের পক্ষে গত সপ্তাহে রিট আবেদনটি করা হয়। আজ রোববার এ আবেদনের ওপর শুনানি নিয়ে আদালত রুল দেন।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুল হালিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
পরে আবদুল হালিম প্রথম আলোকে বলেন, চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সমাজকল্যাণ অধিদপ্তরের মহাপরিচালকসহ আট বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, গত ২৬ মে নয়টি শিশুকে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই মোহাম্মদপুরের রাস্তা থেকে আটক করে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় আনে মোহাম্মদপুর থানার পুলিশ। আদালত শিশুদের ঢাকা কেন্দ্রীয় কারাগারের মাধ্যমে টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দেন। পরে সন্ধ্যার দিকে শিশুদের প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হয়।
শিশুরা জানায়, চুরি করার কথা স্বীকার করানোর জন্য পুলিশ তাদের লাঠি দিয়ে মারধর করে। কথা বলার সময় নির্যাতনের চিহ্ন দেখায় তারা।
আরও পড়ুন: