মোহাম্মদপুর থেকে বাসস্ট্যান্ড সরে গেল
সড়কের ওপর অবৈধভাবে রাখা বাসের কারণে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সব সময় যানজট লেগে থাকত। নিত্যদিনের সেই চেহারা অনেকটাই বদলে গেছে। আসাদ অ্যাভিনিউ থেকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কে থাকা বিভিন্ন রুটের শতাধিক বাস অস্থায়ীভাবে সরিয়ে নেওয়া হয়েছে মোহাম্মদপুর-বছিলা নতুন সড়ক এলাকায়।
গতকাল দুপুরে রাজধানীর মোহাম্মদপুর রিংরোডে সূচনা কমিউনিটি সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারেকুজ্জামান রাজিব বর্তমানে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের এ চিত্র সবার সামনে তুলে ধরেন। তিনি প্রথম আলোকে বলেন, ৪০ ফুট প্রস্থের সড়কের দুই পাশে বাসগুলো পার্ক করে রাখায় সারাক্ষণ যানজট লেগেই থাকত। এলাকাবাসীকে যানজট থেকে মুক্তি দিতে বাসগুলো আপাতত মোহাম্মদপুর-বছিলা নতুন সড়কে সরিয়ে নেওয়া হয়েছে। পরে বছিলা এলাকায় স্থায়ী বাস রাখার ব্যবস্থা করা হতে পারে।
‘সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, জনগণের চলাচলের ফুটপাত দখলমুক্তকরণ, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে’ শীর্ষক মতবিনিময় সভায় ডিএনসিসির মেয়র আনিসুল হক বলেন, রাজধানীর গণপরিবহনব্যবস্থা একটি কোম্পানির আওতায় আনার পরিকল্পনা করা হচ্ছে। রাজধানীতে প্রায় ৩০০ কোম্পানির সাড়ে চার হাজার বাস চলে। সব বাস একটি কোম্পানির আওতায় আনার চেষ্টা করা হচ্ছে। এ জন্য বাসমালিকদের স্বল্প সুদে ঋণ দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। মেয়র বলেন, যানজট নিরসনে কয়েক দিনের মধ্যে গাবতলী এলাকায় অভিযান চলানো হবে। এ ব্যাপারে বাস মালিক সমিতির সঙ্গে কথা হয়েছে। শহরে আর কোনো বিলবোর্ড থাকবে না বলেও তিনি জানিয়েছেন।
তবে অনুষ্ঠানে ঢাকার বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন মেয়র। তিনি বলেন, যানজট নিরসনে ৩২ কিলোমিটার লম্বা ইউ লুপ বানানো হচ্ছে। এতে করে যানজটের সমস্যা কমে যাবে। তিনি বলেন, পরীক্ষামূলকভাবে শাহীন স্কুলের সামনের ফুটওভারব্রিজটি ফুলের গাছ দিয়ে সাজানো হয়েছে। বাকিগুলোও গ্রিন করা হবে। ময়লা সরানোর জন্য ৩৬টি ওয়ার্ডে ৭২টি স্টেশন করা হবে। এটি করা হয়ে গেলে আর ৭৫ ভাগ বর্জ্য থাকবে না।
ট্রাফিক পুলিশের উপকমিশনার (এডিসি) সাইফুল হক বলেন, ‘আমরা খুব দ্রুত যানজট সমস্যার সমাধান করতে পারব না। তবে কাজ করছি। সমস্যাগুলো চিহ্নিত করা হচ্ছে।’ অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সাংসদ লে. কর্নেল (অব.) মো. ফারুক খান। সভায় সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক বক্তব্য দেন।