মোহাম্মদপুর বেড়িবাঁধে ফিটনেসবিহীন যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝুঁকিপূর্ণ আর ফিটনেসবিহীন যানবাহনে ভরে গেছে মোহাম্মদপুর বেড়িবাঁধ। ঝুঁকিপূর্ণ এসব যানবাহনে চলাচল বিপজ্জনক জেনেও লোকজনের কাছে বিকল্প নেই কোনো। গতকাল সকালে ছবি দুটি তুলেছেন  সাবিনা ইয়াসমিন
ঝুঁকিপূর্ণ আর ফিটনেসবিহীন যানবাহনে ভরে গেছে মোহাম্মদপুর বেড়িবাঁধ। ঝুঁকিপূর্ণ এসব যানবাহনে চলাচল বিপজ্জনক জেনেও লোকজনের কাছে বিকল্প নেই কোনো। গতকাল সকালে ছবি দুটি তুলেছেন সাবিনা ইয়াসমিন

কোনোটা চ্যাপ্টা হয়ে গেছে। কোথাও কোথাও জানালা নেই। আর ছাদহীন অসংখ্য বেবিট্যাক্সি তো আছেই। মোহাম্মদপুর বেড়িবাঁধ ও কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় নিয়মিতই চলছে ফিটনেসবিহীন গাড়ি। কর্তৃপক্ষেরও নজর নেই।
রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ হয়ে সিকশন থেকে গাবতলীমুখী অনেক ধরনের যান চলে। কিছু চলে গাবতলী থেকে বাবুবাজার সেতু পর্যন্ত। ইজিবাইক ও মিনিবাসের চেয়েও ছোট একধরনের বাস চলে বেশি। অধিকাংশেরই লক্কড়ঝক্কড় অবস্থা।
গতকাল মঙ্গলবার দুপুরে দেখা যায়, ‘মায়ের দোয়া’ নামের একটি পরিবহন অনেকটা জোড়াতালি দেওয়া। এক পাশের অর্ধেকটা নতুন ‘বডি’ লাগানো, বাকি অর্ধেক পুরোনো। ‘মা-শা আল্লাহ পরিবহন’ নামের আরেকটি ছোট বাসের সামনের অংশ চ্যাপ্টা হয়ে দেবে গেছে। পুরো যানটিরই অবস্থা খারাপ। জানালা ভাঙা। ভেতরের আসনে মরিচা ধরা।
এ সড়কে ব্রাদার্স পরিবহনের বেশ কিছু বাস চলাচল করে। এদেরও অনেকগুলোর অবস্থা খারাপ। সামনের কাচ ভাঙা। জানালার কাচও ভাঙা এবং ফাটা।
সাত্তার মিয়া মোহাম্মদপুরে কাজ করেন। এ পথের নিয়মিত যাত্রী। তিনি বলেন, ‘এগুলান বেশি চলে। বড় বাস তো বেশি নাই। তয় ওরা অনেক জোরে চালায়, এমনেই ভাঙা রাস্তা। শরীল ব্যথা হইয়া যায়।’ আরও কয়েকজন যাত্রী বলেন, এরা প্রায়ই একে অন্যের সঙ্গে পাল্লা দিতে গিয়ে লাগিয়ে দেয়। ‘মায়ের দোয়া’ পরিবহনের একজন ভাড়া আদায়কারী বলেন, ফিটনেস পরীক্ষার জন্য কাউকে এ সড়কে দেখেননি। ভ্রাম্যমাণ আদালতের কথাও জানেন না। নির্বিঘ্নেই তাঁরা চলছেন।
এ সড়কে প্রচুর ইজিবাইক ও ইঞ্জিনচালিত রিকশা চলে। গতকাল ঢাকা উদ্যানের সামনে দেখা যায়, বেশ কিছু ইজিবাইকের ঢাকনা ছেঁড়া। ইঞ্জিনচালিত রিকশাগুলোও অন্যান্য যানের সঙ্গে পাল্লা দিয়ে ছুটছে।
ঢাকা ট্রাফিক পশ্চিম বিভাগের মোহাম্মদপুর অঞ্চলের সহকারী কমিশনার মো. শফিকুর রহমান বলেন, বেড়িবাঁধ চার রাস্তার মোড়ে তাঁদের ট্রাফিক পুলিশ থাকে। ফিটনেসবিহীন গাড়ি দেখলে তাঁরা ডাম্পিংয়ে পাঠান ও মামলা করেন।
আঁটিবাজার থেকে কেরানীগঞ্জ যেতে প্রচুর ছাদহীন বেবিট্যাক্সি চলে। পেছনে দু-তিনজন নিয়ে প্রতিদিন চলাচল করছে এই যানটি। একজন চালক বলেন, ছাদের দরকার হয় না, আর কেউ কিছু বলে না, তাই চালিয়ে যাচ্ছেন। মোহাম্মদপুর বেড়িবাঁধেও এ রকম ছাদহীন কিছু বেবিট্যাক্সি চলে।
বিআরটিএর পরিচালক (এনফোর্সমেন্ট) নাজমুল আহসান মজুমদার প্রথম আলোকে বলেন, ‘আমাদের মোবাইল কোর্ট ঘুরেফিরে সব জায়গায়ই যায়। শিগগিরই আমরা এই এলাকাগুলোয় যাব।’