মোহাম্মদপুরে গ্যাস-সমস্যা এখনো তীব্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক অনুষ্ঠানে যোগ দিতে চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছেন চট্টগ্রামের অনলাইন কোম্পানির কর্মকর্তা শান্তনু রায়। ট্রেন থেকে নেমে মোহাম্মদপুরের নূরজাহান রোডে ছোট ভাইয়ের বাসায় গিয়ে জানতে পারলেন গ্যাসের চুলা জ্বলছে না। রেস্তোরাঁ থেকে খাবার আনানো হয়েছে।
শান্তনু রায় প্রথম আলোকে বলেন, তিন দিনে তিনি ঘরের খাবার খেতে পারেননি। হোটেলের খাবার খেলে তাঁর পেটের পীড়া হয়। যথারীতি তিনি তাঁর জরুরি অনুষ্ঠানে অংশ নিয়েছেন সেই পীড়া নিয়ে অস্বস্তিকর অবস্থায়।
রাজধানীর আরও কিছু এলাকায় গ্যাসের সমস্যা থাকলেও মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় গত প্রায় তিন মাস সমস্যা বেশি তীব্র। নূরজাহান রোডের বয়োজ্যেষ্ঠ বাসিন্দা তসলিমা রহমান এই প্রতিবেদককে বলেন, চিকিৎসক শীতকালে তাঁকে গরম পানিতে গোসল করার পরামর্শ দিলেও তিনি তা মানতে পারেন না। মানতে গেলে তাঁকে রাতের বেলায় গোসল করতে হবে। কারণ, দিনে চুলায় গ্যাসের চাপ থাকে না। ঠান্ডা পানিতে গোসল করে তাঁর কোমর ব্যথা বেড়ে গেছে।
জাকির হোসেন রোডেও একই অবস্থা। ‘ই’ ব্লকের ৩১ নম্বর ও আশপাশের বাড়ির কয়েকজন বাসিন্দা নিয়মিত গ্যাস না থাকার অভিযোগ করেন। তাঁদের কথা হচ্ছে, গ্যাসের চুলায় আঁচ না থাকার বিষয়টি এখন অনেকটা স্থায়ী হয়ে গেছে। তিতাস গ্যাস কোম্পানির লোকদের জিজ্ঞেস করলে তাঁরা গ্যাস না থাকার জন্য শীত মৌসুমকে দায়ী করেন। অথচ শীতকাল তো শেষ হয়ে এসেছে।
শেখেরটেক এলাকার বিভিন্ন সড়কে গ্যাসের সমস্যা শুরু হয় গত নভেম্বর থেকে। জানুয়ারির শেষ দিকে এসে সমস্যা আরও বেড়েছে। ১০ নম্বর রোডের ৯ নম্বর বাড়ির বাসিন্দারা জানিয়েছেন, এলাকার বিভিন্ন বাড়িতে দুপুরের খাবার খেতে হয় বিকেলে রান্না করে। সকালের খাবার তৈরি হয় রাতের বেলায়।
৩ নম্বর রোডের বাসিন্দা মো. আবদুল্লাহ বলেন, তাঁদের বাসায় সকাল ৯টার পর চায়ের তেষ্টা পেলেও পাওয়ার উপায় থাকে না। কারণ, চুলায় আঁচ থাকে না।
শীত মৌসুম আসার আগে তিন মাস আগে থেকেই গ্যাস-সংকট মোহাম্মদপুরের বরাব মোহনপুর এলাকায়। সেখানে শতাধিক ভবনের বাসিন্দারা চরম ভোগান্তিতে রয়েছেন। বেলা তিনটার আগে গ্যাস আসেই না। এলাকাবাসী তিতাস কর্তৃপক্ষকে জানিয়েও কোনো ফল পাননি বলে জানান। গ্যাসের অভাবে অনেকে বিকল্প উপায়ে রান্নার কাজ সারেন।
জানতে চাইলে তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান প্রথম আলোকে বলেন, অন্য সময়ের তুলনায় তিতাসকে কম গ্যাস দেওয়া হচ্ছে। তার ওপর শীতে পানি গরম করাসহ গৃহস্থালির কাজে গ্যাসের ব্যবহার অনেক বেড়ে যায়। যার ফলে সমস্যাও বেড়েছে।