রাজধানীর বাড্ডার সাতারকুলে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শকের ওপর হামলা এবং অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় গতকাল রোববার রাতে বাড্ডা থানায় দুটি মামলা হয়েছে। রাতে এ খবর লেখা পর্যন্ত মোহাম্মদপুর থানায় আরেকটি মামলা হওয়ার প্রস্তুতি চলছিল।
এদিকে মোহাম্মদপুরে নবোদয় হাউজিংয়ের বি ব্লকের ২৮ নম্বর বাড়ির পাঁচতলা থেকে ২০টি বোমাসহ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধারের পর ওই বাড়ির মালিক আবদুল মালেক ও তাঁর ছেলে মোস্তাফিজুর রহমানকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
অভিযান তত্ত্বাবধানকারী ডিবির উপকমিশনার মাশরুকুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ের বাড়িটি থেকে ২০টি বোমা, বিপুল পরিমাণ বিস্ফোরক, গানপাউডার, ডেটোনেটর ও ডিভাইস জব্দ করা হয়েছে। সাতারকুল, আশকোনা, টঙ্গী থেকে অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় বাড্ডা থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি এবং পুলিশের পরিদর্শক বাহাউদ্দিনকে কুপিয়ে আহত করার ঘটনায় ওই থানায় আরেকটি মামলা করা হয়েছে। এ ছাড়া নবোদয় হাউজিংয়ে বোমা ও সরঞ্জাম উদ্ধারের ঘটনায় মোহাম্মদপুর থানায় বিস্ফোরক দ্রব্য উপাদানাবলি আইনে একটি মামলা হবে। ডিবির কর্মকর্তারা বাদী হয়ে রাতেই এ মামলা দায়ের করবেন। ডিবি এসব মামলা তদন্ত করবে।
ডিবির সূত্র জানায়, সাতারকুলে ডিবির কর্মকর্তাকে কুপিয়ে আহত করার ঘটনায় গ্রেপ্তার জঙ্গি শাহ আলম ওরফে সালাউদ্দিন ওরফে হিরন ও জামাল হোসেন ওরফে কামালকে বাড্ডা থানার দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার তাঁদের ১০ দিন করে রিমান্ডের আবেদন জানিয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হবে। তাঁরা দুজনই আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য।
গত শুক্রবার রাতে রিমান্ডে থাকা এক জঙ্গিকে নিয়ে ডিবি বাড্ডার সাতারকুল এলাকার আবদুল্লাহবাগের পাঁচতলা ভবনের নিচতলায় একটি মেসে অভিযান চালায়। এ সময় ডিবির সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধ হয়। চাপাতির কোপে গুরুতর আহত হন ডিবির পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী। ওই মেস থেকে সন্দেহভাজন জঙ্গিরা পালিয়ে গেলেও সাতারকুল এলাকার অন্য একটি স্থান থেকে শাহ আলম ওরফে সালাউদ্দিন ওরফে হিরন ও জামাল হোসেন ওরফে কামাল নামে দুজনকে গ্রেপ্তার করে ডিবি। এ সময় ওই মেস থেকে গুলি, চাপাতি, ল্যাপটপসহ বিভিন্ন মালামাল জব্দ করে। ডিবি বলেছে, সালাউদ্দিন ও কামাল আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য।
সালাউদ্দিন ও কামালের তথ্যের ভিত্তিতে শনিবার মোহাম্মদপুর, আশকোনা ও টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে বোমা, বোমা তৈরির সরঞ্জাম, ধারালো অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। ডিবির কর্মকর্তারা বলেন, গ্রেপ্তার সালাউদ্দিন ও কামালের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এর ভিত্তিতে জঙ্গি গ্রেপ্তারে আরও অভিযান চলছে।