মোহাম্মদপুরে সলুরা তিন ভাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সলিম উল্লাহ (সলু) হলফনামায় তাঁর বিরুদ্ধে হওয়া নয়টি মামলার কথা উল্লেখ করেছেন। এর মধ্যে চারটিই হত্যা মামলা। মোহাম্মদপুরের সাবেক এই ওয়ার্ড কাউন্সিলর এবারও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের (মধ্য মোহাম্মদপুর) কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন। আওয়ামী লীগের সমর্থনও পেয়েছেন তিনি।
২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে মোট ছয়জন প্রার্থী। এর মধ্যে সলিম উল্লাহ ছাড়াও তাঁর দুই ভাই শহীদুল্লাহ ও হাবিব উল্লাহও প্রার্থী হয়েছেন। তবে দুই ভাই নিজেদের জন্য প্রচারণা চালাচ্ছেন না। তাঁরা সলিম উল্লাহর হয়েই কাজ করছেন। এলাকাবাসী বলছেন, মূলত সলিম উল্লাহকে জেতানোর কৌশল হিসেবে অপর দুই ভাইকে দাঁড় করানো হয়েছে। অন্য তিন প্রার্থীর মধ্যে দুজন তেমন সক্রিয় নন। আর বিএনপি-সমর্থিত প্রার্থী ঠিকাদার ও ব্যবসায়ী এনায়েতুল হাফিজ প্রচারণায় নামার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।
মোহাম্মদপুরের বিজলি মহল্লার হাজি চিনু মিয়ার ছেলে সলিম উল্লাহ। তাঁর বাবা ওই এলাকায় প্রভাবশালী ছিলেন। টিক্কাপাড়ায় তাঁর নামে একটি সড়ক রয়েছে। সলিম উল্লাহ কিশোর বয়সেই প্রথম মামলার আসামি হন। ১৯৭৮ সালে তিনি ডাকাতি ও অস্ত্র মামলায় সামরিক আদালতের রায়ে তিন বছর সাজা ভোগ করেন। মোহাম্মদপুরের বাড়িতে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে গত বিএনপি আমলে অপারেশন ক্লিন হার্টের সময় সেনাবাহিনীর হাতে এবং তত্ত্বাবধায়ক সরকারের সময় র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন তিনি।
এলাকাবাসী ও সলিম উল্লাহর ঘনিষ্ঠ লোকজন জানান, ২০০২ সালে সিটি করপোরেশন নির্বাচনের আগে বিএনপি থেকে সম্ভাব্য প্রার্থী জামান খুন হন। সেই খুনের মামলার আসামি হয়েছিলেন সলিম উল্লাহ। এর আগে ২০০০ সালের জানুয়ারিতে যুবলীগের নেতা মো. ইউনুস হত্যা মামলাসহ বেশ কয়েকটি হত্যা মামলার আসামি সলিম উল্লাহ। তাঁর হলফনামায় তিনি যে চারটি হত্যা মামলার আসামি হওয়ার কথা উল্লেখ করেছেন, এর মধ্যে তিনটিতে তিনি খালাস পেয়েছেন ও একটি মামলা প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়।
মোহাম্মদপুর কৃষি মার্কেটের কয়েকজন ব্যবসায়ী জানান, সলিম উল্লাহর প্রভাবে তাঁর বড় ভাই শহীদুল্লাহ ১৯৯৬ সাল থেকে কৃষি মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পদে আসীন। এই মার্কেট ও এর সংলগ্ন ফুটপাতের ব্যবসায়ীদের কাছ থেকে নানাভাবে টাকা আদায় করেন তাঁদের লোকজন।
এ বিষয়ে জানতে চাইলে সলিম উল্লাহ বলেন, সবগুলো হত্যা মামলার অভিযোগ থেকে তিনি খালাস পেয়েছেন। তাঁর বিরুদ্ধে এখন দুটি মামলা চলমান। যেগুলো তিনি আইনিভাবে মোকাবিলা করছেন। এক ওয়ার্ডে তিন ভাইয়ের একসঙ্গে দাঁড়ানো প্রসঙ্গে সলিম উল্লাহ বলেন, তাঁর ভাইয়েরা আসলে তাঁর হয়েই কাজ করছেন। একই ওয়ার্ডের বিএনপির প্রার্থী এনায়েতুল হাফিজের বিরুদ্ধে একটি প্রতারণার মামলা রয়েছে। তবে সেই মামলায় তিনি জামিনে রয়েছেন বলে জানান। তিনি বলেন, নানা কারণে ঠিকমতো প্রচারণা চালাতে পারবেন কি না, তা নিয়ে শঙ্কায় রয়েছেন। যদিও এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক রয়েছে বলে তিনি স্বীকার করেছেন।
সমস্যা: তুলনামূলক সাজানো-গোছানো মোহাম্মদপুরের প্রধান সমস্যা রাস্তা কাটাকাটি আর আবাসিক এলাকার রাস্তায় যানবাহনের বাড়তি চাপ। মোহাম্মদপুর হাউজিং লিমিটেডের প্রধান সড়কে কথা হয় চাকরিজীবী এরফান হকের সঙ্গে। তিনি বলেন, হাউজিংয়ে ঢোকার প্রধান সড়কটি এক বছরে দুবার কাটা হয়েছে। এখন এবড়োখেবড়ো রাস্তায় বৃষ্টি হলেই কাদা জমে যায়। হাঁটা যায় না, আটকে যায় গাড়িও। তবে কাউন্সিলর প্রার্থী নিয়ে কোনো বাড়তি কৌতূহল দেখালেন না এরফান। বললেন, চাকরিবাকরির প্রয়োজনে মাঝেমধ্যে নাগরিকত্ব সনদের প্রয়োজন হয়। তখন হয়তো কাউন্সিলরের কার্যালয়ে যাওয়া পড়ে।
এলাকাবাসীর সমস্যা সমাধানে কী পরিকল্পনা করছেন—জানতে চাইলে সলিম উল্লাহ বলেন, ২৯ নম্বর ওয়ার্ড অনেক সাজানো-গোছানো। কিছু এলাকায় পানি ও ড্রেনেজ সমস্যা রয়েছে। তবে প্রকট নয়। এই সমস্যাগুলো সমাধানের পাশাপাশি এলাকার সামাজিক পরিবেশ উন্নয়নে তিনি কাজ করবেন। বিএনপি-সমর্থিত প্রার্থী এনায়েতুলও একই রকম পরিকল্পনার কথা জানিয়েছেন।