মোহাম্মদপুরে সিটিং সার্ভিসের দৌরাত্ম্য
রুবাইয়াত হাসান গত বৃহস্পতিবার সকালে মগবাজারে যাওয়ার জন্য মোহাম্মদপুর থেকে স্বাধীন পরিবহনে ওঠেন। ‘সিটিং সার্ভিস’ বলে ভাড়া দিতে হয় ২০ টাকা। কিন্তু পুরো যাত্রাপথেই বিভিন্ন জায়গায় থেমে যাত্রী তোলা-নামা করা হলো বাসে। বিশেষ করে ফার্মগেট আসতেই দাঁড়িয়ে গেলেন তিনজন। বাসটি থামলও অনেকক্ষণ।
রাজধানীর মোহাম্মদপুরের অনেক বাসই ‘সিটিং সার্ভিস’ নামে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তালিকার চেয়ে বেশি ভাড়া নিচ্ছে। অথচ যাত্রী তোলা-নামানো চলছে যত্রতত্র। যাত্রীরা বাধ্য হচ্ছেন এসব কথিত সিটিং সার্ভিসে উঠে তাদের দাবি অনুসারে বাড়তি ভাড়া দিতে।
মোহাম্মদপুর থেকে স্বপ্ন, মেশকাত, তরঙ্গ, মালঞ্চ, প্রজাপতি, এমটিসিএল, দীপন, প্রজাপতি, স্বাধীনসহ বেশ কয়েকটি পরিবহন রাজধানীর বিভিন্ন রুটে চলাচল করে। গতকাল সোমবার এসব বাসে খোঁজ নিয়ে দেখা যায়, কোনো বাসেই বিআরটিএ নির্ধারিত ভাড়ার তালিকা টাঙানো নেই। কিন্তু তালিকা টাঙানোর নিয়ম রয়েছে। এ ছাড়া মহানগর পরিবহন নীতিমালায়ও কোনো ‘লোকাল’ বা ‘সিটিং সার্ভিস’ নামের কোনো বিশেষ পরিষেবার উল্লেখ নেই। বিআরটিএর নির্ধারিত সর্বনিম্ন ভাড়া হচ্ছে সাত টাকা। কিন্তু মোহাম্মদপুরের সব সিটিং বাসগুলোতে ১০ টাকার নিচে কোনো ভাড়া নেই। কিছু কিছু বাসে ১৫ টাকাও নেওয়া হচ্ছে।
নিগার সুলতানা গুলিস্তানে অফিস করেন। তিনি বলেন, ‘সকালে বাসে ওঠার জন্য যুদ্ধ করতে হয়। এমনিতেই বাসা থেকে রিকশা ভাড়া দিয়ে বাসস্ট্যান্ডে আসি। এরপর আবার সিটিং নামে বেশি ভাড়া তো নেয়। দায় তো আমাদেরই।’ কর্তৃপক্ষ এসব দেখছে না বলে আক্ষেপ করেন।
স্বপ্ন পরিবহনটি মোহাম্মদপুর থেকে ডেমরা স্টাফ কোয়ার্টার পর্যন্ত চলাচল করে। এ বাসের সুপারভাইজার মো. রতন বলেন, তিন মাস আগে তাঁরা এ সার্ভিস চালু করেন। বিআরটিএর নির্ধারিত ভাড়া ও তালিকা টাঙানোর ব্যাপারে মালিক তাঁদের কোনো নির্দেশনা দেননি। মেশকাত পরিবহনের সুপারভাইজার জাকির হোসেনও একই কথা বললেন। এ রুটের বেশির ভাগ বাসই গত ছয় মাসের মধ্যে ‘সিটিং সার্ভিস’ চালু করেছে। মালঞ্চ পরিবহনের সর্বনিম্ন ভাড়া ১৫ টাকা।
নিয়মিত চলাচলকারী কয়েকজন যাত্রী বলেন, বাসগুলো আসাদগেট ও ধানমন্ডির সিটি কলেজ পর্যন্ত থামতে থামতে যায়। সকালে আসন ভরে যাওয়ার পরে দাঁড়ানো যাত্রীও তোলে। এ নিয়ে প্রায়ই চালকের সহকারীর সঙ্গে যাত্রীদের বাগ্বিতণ্ডা হয়। এসব নিয়ন্ত্রণের কোনো উদ্যোগ না থাকায় বাসগুলো একে অন্যের দেখাদেখি ‘সিটিং সার্ভিস’ নাম ধারণ করে যাত্রীদের থেকে বাড়তি ভাড়া আদায় করছে। জিম্মি করে ফেলছে যাত্রীদের।
বাসমালিকদের সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েতউল্লাহ বলেন, বেশি ভাড়া নেওয়া হলে তাঁরা সংগঠনের পক্ষ থেকে ব্যবস্থা নেন। তালিকার ব্যাপারে বাসচালকদের বলে থাকেন। তবে তিনি বলেন, বিআরটিএর সর্বনিম্ন ভাড়াই ১০ টাকা।
বিআরটিএর পরিচালক (এনফোর্সমেন্ট) নাজমুল আহসান মজুমদার প্রথম আলোকে বলেন, ‘মিনিবাসে সর্বনিম্ন ৫ টাকা ও বড় বাসে ৭ টাকা। আমাদের চারটি ভ্রাম্যমাণ আদালত কাজ করে। প্রতিদিনই শ খানেক মামলা করি।’