মোহাম্মদপুরের বাঁশবাড়ি ও থানার সামনের সড়ক ভাঙাচোরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উঁচু-নিচু, ভাঙা সড়ক। একটু বৃষ্টিতেই পানি জমে যায়। পিচ-সুরকি উঠে গিয়ে কোথাও কোথাও গর্ত হয়ে গেছে। গতি নিয়ন্ত্রকও অসমান। মোহাম্মদপুর বাঁশবাড়ি ও থানার সামনের সড়কটির এখন এই অবস্থা।
মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে বাঁশবাড়ি হয়ে শিয়া মসজিদ পর্যন্ত সড়কটির নানা সমস্যা। ঐতিহ্যবাহী সাতমসজিদের পাশ দিয়ে যাওয়া সড়কটি চওড়ায় প্রায় ৪০ ফুট। এর মধ্যেই অসংখ্য দোকান গড়ে উঠেছে। বেশির ভাগই লোহা-লক্কড়ের দোকান। শিয়া মসজিদের কাছে সড়ক ঘেঁষেই আছে বাঁশবাড়ি বস্তি। পুরো সড়কটিই ভাঙা, খানাখন্দে ভরা। কোথাও কোথাও সড়কের মাঝখানে অর্ধসমাপ্ত গতি নিয়ন্ত্রক। আবার অনেক জায়গায় ভাঙা।
গত শনিবার দেখা যায়, বৃষ্টিতে পানি জমে গেছে। পয়োনিষ্কাশন ব্যবস্থাও খারাপ। বৃষ্টির পানি ও নালার পানি জমে গন্ধ ছড়ায়। ভাঙা সড়ক ও দুর্গন্ধযুক্ত পানিতে চলতে গিয়ে রিকশাচালকেরাও বিরক্তি প্রকাশ করেন। সড়কটিতে রিকশার পাশাপাশি মিরপুরগামী কিছু লেগুনাও চলে।
বাঁশবাড়ি এলাকাটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের অধীন। এখানকার কাউন্সিলর তারেকুজ্জামান রাজীব বলেন, বাঁশবাড়ির সড়কের নকশা করা হয়েছিল পাকিস্তান আমলে। তখন পরিকল্পনা ছিল, সড়ক ৮০ থেকে ১২০ ফুট চওড়া হবে। এখন ওই নকশার কথা চিন্তা করা হচ্ছে।