মোহাম্মদপুরের বাঁশবাড়ি বস্তিতে পুড়ল শতাধিক ঘর

মোহাম্মদপুরের বাঁশবাড়ি বস্তিতে গতকাল বৃহস্পতিবার ভোররাতে আগুন লেগে শতাধিক ঘর পুড়ে গেছে। এতে কেউ হতাহত হয়নি।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল ভোররাত সাড়ে চারটার দিকে মোহাম্মদপুর শিয়া মসজিদসংলগ্ন চাঁন মিয়া হাউজিংয়ের পাশের বাঁশবাড়ি বস্তির একটি ঘর থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে গা ঘেঁষে গড়ে ওঠা একের পর এক ঘরে আগুন ছড়িয়ে পড়ে। বস্তির বাসিন্দারা শিশুসন্তানদের নিয়ে পথে বেরিয়ে আসেন। কিন্তু সারা জীবনের সঞ্চিত মালামাল বের করতে পারেননি তাঁরা। এ সময় স্থানীয়দের কাছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর, হাজারীবাগ, তেজগাঁওসহ ১৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তারা পানি ছিটিয়ে সকাল ১০টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়। এর আগেই বস্তির শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা আতাউর রহমান প্রথম আলোকে বলেন, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তা নির্ণয়ে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক সমরেন্দ্র চন্দ্র বিশ্বাসকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামালউদ্দিন মীর বলেন, বস্তিতে কীভাবে আগুন লেগেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে বস্তিবাসী অভিযোগ করেছেন, পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে। আবার কেউ কেউ বলছে, এটি একটি দুর্ঘটনা।