মোহিতুল ইসলামের দাফন সম্পন্ন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার বাদী এ এফ এম মোহিতুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে। আজ জুমার নামাজের পর জানাজা শেষে যশোরের মনিরামপুর উপজেলার কাশিমপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।
আজ সকাল ১০টার দিকে যশোরের ঝিকরগাছা উপজেলার বিএম হাইস্কুল মাঠে মোহিতুলের জানাজা হয়। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক ও কেন্দ্রীয় সদস্য এস এম কামাল হোসেনসহ অন্যরা।
পরে মোহিতুলের মরদেহ মনিরামপুরের কাশিমপুরে তাঁর গ্রামের বাড়িতে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে বাদ জুমা পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ সমাহিত করা হয়। এ সময় মোহিতুলের স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন।
মোহিতুলের ভাতিজা মনোয়ার হোসেন বলেন, চাচার পৈতৃক ভিটা কাশিমপুর গ্রামে। বেশ আগে তিনি পরিবারসহ ঝিকরগাছা উপজেলার বিএম হাইস্কুলের সামনে বাড়ি করে সেখানেই বসবাস করতেন।
মোহিতুল ইসলাম বঙ্গবন্ধুর আবাসিক একান্ত সহকারী ছিলেন। ১৯৯৬ সালে ২ অক্টোবর ধানমন্ডি থানায় ২০ জনকে আসামি করে ঐতিহাসিক বঙ্গবন্ধু হত্যা মামলাটি করেন তিনি।
গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে তিনটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মারা যান মোহিতুল। তিনি কিডনি ও ফুসফুসের জটিলতায় ভুগছিলেন।