মৌখিকে নম্বর ৩০ করার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে মৌখিক পরীক্ষার নম্বর ২০ থেকে বাড়িয়ে আবার ৩০ করার সুপারিশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল রোববার জাতীয় সংসদ ভবনে কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয় জানায়।
বৈঠক শেষে সংসদীয় কমিটির সদস্য আলী আজম প্রথম আলোকে বলেন, কমিটি মনে করে, মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানো হলে যোগ্য ও মেধাবী প্রার্থীদের শিক্ষক হওয়ার সুযোগ বেশি তৈরি হবে।
মৌখিক পরীক্ষায় আগেও ৩০ নম্বর ছিল৷ অনিয়মের কারণে পরে তা বািতল করে ২০ নম্বর করা হয়৷
সংসদীয় কমিটির সুপারিশের বিষয়ে জানতে চাইলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা রাশেদা কে চৌধূরী প্রথম আলোকে বলেন, এই পদ্ধতি আগেও ছিল এবং তা ত্রুটিপূর্ণ প্রমাণিত হয়েছে। কারণ, জেলা পর্যায়ের কমিটির লোকেরা দুর্নীতির আশ্রয় নিয়ে মৌখিক পরীক্ষায় বেশি নম্বর দিয়ে অযোগ্যদের শিক্ষক হওয়ার সুযোগ করে দিতেন। এ কারণে পদ্ধতিটি বাতিল করা হয়। এখন ওই পদ্ধতি ফিরিয়ে আনা হলে আবারও দুর্নীতি হবে এবং অযোগ্যরা শিক্ষক হিসেবে নিয়োগ পাবেন। এতে শিক্ষার মান ব্যাহত হবে৷
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা রাশেদা কে চৌধূরী বলেন, বর্তমানে যে পদ্ধতিতে শিক্ষক নিয়োগ হয়, তা নিয়ে কোনো প্রশ্ন নেই। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশও বর্তমান এই নিয়োগ নিয়ে কোনো দুর্নীতি খঁুজে পায়নি।
রেলের টিকিটে যাত্রীর নাম ও ফোন নম্বর চালুর সুপারিশ
কালোবাজারির কবল থেকে যাত্রীদের রক্ষা করতে রেলের টিকিটে যাত্রীর নাম এবং সম্ভব হলে ফোন নম্বর উল্লেখের নিয়ম চালু করার সুপারিশ করেছে রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি৷ গতকাল সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়৷
বৈঠক শেষে কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী প্রথম আলোকে বলেন, টিকিট বিক্রির পদ্ধতি না বদলালে কালোবাজারিদের রোধ করা যাবে না৷ বর্তমানে অগ্রিম সর্বোচ্চ ১০ দিন আগে থেকে টিকিট বিক্রি হয়৷ এতে প্রথম দিনেই সব টিকিট কালোবাজারিরা কিনে নিয়ে যায় এবং বিক্রি করে দ্বিগুণ দামে৷ এ জন্য অগ্রিম টিকিট সর্বোচ্চ পাঁচ দিন আগে বিক্রির নিয়ম চালু করার সুপারিশ করেছে কমিটি৷
প্রতি জেলায় অটিস্টিক শিশুদের স্কুল চালুর সুপারিশ
দেশের প্রতিটি জেলা সদরে অটিস্টিক শিশুদের জন্য স্কুল চালুর সুপারিশ করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি৷ কমিটি এ বিষয়ে জেলা প্রশাসকদের স্থানীয় জনসাধারণের সহযোগিতা নিতে বলেছে৷ গতকাল সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়৷
পোশাকশ্রমিক ছাঁটাই বন্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ
তৈরি পোশাকশিল্প কারাখানায় শ্রমিক ছাঁটাই বন্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি৷
গতকাল সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়৷