মৌচাক-মগবাজার উড়ালসড়ক জুনে চালু হবে কি না অনিশ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌচাক-মগবাজার উড়ালসড়ক (ফ্লাইওভার) পুরোপুরি চালু হওয়ার কথা ছিল গত ডিসেম্বরে। তা হয়নি, এমনকি আগামী জুনেও সম্ভব হবে কি না, তা নিশ্চিত নয়। ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) বৈদ্যুতিক তার ও খুঁটি না সরানোর জন্য এ অনিশ্চয়তা দেখা দিয়েছে। বর্তমানে মালিবাগ থেকে মৌচাক পর্যন্ত উড়ালসড়ক নির্মাণের কাজ চলছে নিরাপত্তা-ঝুঁকি নিয়ে। নির্মাণস্থলে অব্যাহত রয়েছে জনদুর্ভোগ।
ঘটনাস্থলে গিয়ে এবং প্রকল্পের দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে কথা বলে এ অবস্থার কথা জানা যায়। গত ২৩ ডিসেম্বর উড়ালসড়ক পরিদর্শন করে এর অগ্রগতি সম্পর্কে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও প্রকৌশল অধিদপ্তর থেকে বলা হয়েছিল, আগামী জুনে বাকি অংশ চালু হবে।
গত বুধবার গিয়ে দেখা যায়, মালিবাগ থেকে মৌচাক পর্যন্ত ডিপিডিসির ওপরের (ওভারহেড) বিদ্যুতের লাইনগুলো এখন পর্যন্ত সরানো হয়নি। বৈদ্যুতিক খুঁটির তার আর উড়ালসড়কের স্টিলের পাতগুলো এত কাছে যে এতে যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। এ অবস্থার মধ্যে কাজ চলছে।
যোগাযোগ করা হলে উড়ালসড়কের অন্যতম ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আতাউর রহমান প্রথম আলোকে বলেন, ‘তিন বছর ধরে আমরা কাজ করছি। ওপরের বিদ্যুতের লাইনের খুঁটিসহ ওভারহেড লাইনগুলো সরানো না হলে আমাদের আরও সময় নষ্ট হবে। নির্মাণকাজের শেষ অবস্থায় এসে আমরা ভয় পাচ্ছি, ওপরের বিদ্যুতের তার ও খুঁটি না সরানোর কারণে কাজ আরও পিছিয়ে যায় কি না। এগুলো সরানো না হলে উড়ালসড়কের গাডার ওঠানো যাবে না। মালিবাগ থেকে মৌচাক পর্যন্ত কাজে শ্রমিকদের নিরাপত্তা-ঝুঁকি থাকছে। এখানে নিরাপত্তাবেষ্টনী দেওয়ার মতো কোনো জায়গাও নেই।’
মৌচাক-মগবাজার উড়ালসড়ক বাস্তবায়নকারী কর্তৃপক্ষ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্র জানায়, ডিপিডিসির বৈদ্যুতিক খুঁটি ও লাইনগুলো সরানোর জন্য ডিপিডিসিকে চিঠি দেওয়া হয়েছে। ডিপিডিসির পক্ষ থেকে জানানো হয়, জায়গার অভাবে এগুলো সরাতে বিলম্ব ঘটছে।
খোঁজ নিয়ে জানা যায়, বৈদ্যুতিক তার ও খুঁটি সরানোর জন্য এখন যে খরচ, তা ঠিকাদারি প্রতিষ্ঠানকেই বহন করতে হবে। খরচ হওয়া টাকা পরে এলজিইডি থেকে ফেরত দেওয়া হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ৩০ জুন এই উড়ালসড়কের সাতরাস্তা-হলি ফ্যামিলি (২ দশমিক ১১ কিলোমিটার দৈর্ঘ্য) অংশ উদ্বোধন করেন। গত ১৫ সেপ্টেম্বর চালু হয় বাংলামোটর-মৌচাক অভিমুখী একটি অংশ। উড়ালসড়কের মোট দৈর্ঘ্য ৯ কিলোমিটার। চালু হয়নি মৌচাকের দিক থেকে বাংলামোটর, মালিবাগ থেকে মৌচাক এবং শান্তিনগর ও রাজারবাগ অংশ।
দুর্ভোগ ও অন্যের কাঁধে দোষ
এলাকায় গিয়ে দেখা যায়, মৌচাক থেকে মালিবাগ বাজার এলাকা পর্যন্ত রাস্তার পশ্চিম দিকে বিশাল গর্ত খোঁড়া হয়েছে। যথারীতি ডিপিডিসির শক্তিশালী কেব্ল লাইন বসানোর জন্য এ কাজ চলছে। স্তূপ করে রাখা হয়েছে মাটি, স্ল্যাবের বড় বড় টুকরা। একটির পর একটি বাস যাচ্ছে আর ধুলায় ভরে যাচ্ছে চারপাশ। এ নিয়ে এলাকায় জনদুর্ভোগের শেষ নেই। এলাকাবাসী বলেন, সকালে কুয়াশা আর ধুলা একাকার হয়ে যায়। উড়ালসড়ক নির্মাণের শুরু থেকেই সেবা সংস্থাগুলোর কারণে কাজ পিছিয়ে থাকে বলে প্রকল্পের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত কর্মকর্তারা দাবি করে আসছেন। বিভিন্ন সেবা সংস্থা তাদের মাটির নিচের লাইনগুলো সম্পর্কে যে তথ্য দিয়েছিল, তার সঙ্গে বাস্তবতার অনেক অমিল ছিল। দীর্ঘ এই উড়ালসড়ক এলাকার মাটির নিচে জালের মতো ছড়িয়ে ছিল বিদ্যুৎ, পানি, গ্যাস ও টেলিফোন লাইন। নকশায় মাটির নিচে যেসব স্থানে পাইপ, তার বা কেব্ল রয়েছে বলে উল্লেখ ছিল, সেগুলোর অস্তিত্ব পাওয়া যায় নতুন জায়গায়।
বৃষ্টি না হলেও মৌচাক সব সময়ই জলাবদ্ধ অবস্থায় থাকে। এখনো অনেক স্থানে পানি জমে আছে। এ বিষয়ে প্রশ্ন করলে তমা কনস্ট্রাকশনের এমডি বলেন, ‘আমাদের পাইলিংয়ের কাজ শেষ, পানির কাজ শেষ। বর্ষা নেই। তাহলে উড়ালসড়ক নির্মাণস্থলে কেন পানি জমে আছে? ওয়াসাসহ অন্য সংস্থার ড্রেনেজ সমস্যার জন্য রাস্তায় পানি জমে থাকে, দোষ হয় আমাদের। প্রকল্প শেষ হওয়া পর্যন্ত এই দোষ দেওয়ার বিষয়টি চলতেই থাকবে।’
জানতে চাইলে ঢাকা ওয়াসার সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, উড়ালসড়ক নির্মাণের কারণেই তাঁদের এ ধরনের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। মাটি, বালু, সুরকিতে নর্দমা ভরাট করে ফেলা হয়।