মৌচাক-মগবাজার পথ এখনো বেহাল
মগবাজার-মৌচাক উড়ালসড়কের নিচ দিয়ে মগবাজারে যাওয়ার রাস্তাটি এখন পর্যন্ত চলাচলের অযোগ্য। চার বছর ধরে উড়ালসড়ক নির্মাণ চলাকালীন দুর্ভোগ শেষে এখন প্রায় তিন মাস ধরে চলছে বিভিন্ন সংস্থার খোঁড়াখুঁড়ির দুর্ভোগ।
সম্প্রতি এলাকায় গিয়ে দেখা যায়, উড়ালসড়ক নির্মাণের কাজ প্রায় শেষ হলেও নিচের সড়কে এখনো অনেক নির্মাণসামগ্রী পড়ে আছে। মগবাজার ওয়্যারলেস প্রান্তে ও বিপরীত প্রান্তে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডিপিডিসি) খোঁড়াখুঁড়ির পর মোটা কেব্ল বসানোর পর কোনো রকমে মাটিচাপা দেওয়া হয়েছে। সেসব মাটি উঠে গিয়ে অনেক জায়গায় গর্ত তৈরি হয়েছে। গাড়ি চলছে হেলেদুলে।
হলিফ্যামিলি হাসপাতালের পূর্বদিকে উড়ালসড়কের পাশে প্রধান সড়ক খোঁড়ার পর একটি অংশ এখনো ভাঙা অবস্থাতেই রয়েছে। উড়ালসড়কে ওঠার পথে পিচঢালাই করা কিছু ভাঙা অংশ জোড়া দিয়ে সড়কের ভাঙা অংশে বসানো হয়েছে। সড়ক রয়েছে এবড়োখেবড়ো অবস্থায়। উড়ালসড়কের নিচে স্তূপ করে রাখা হয়েছে মাটি, ইটের টুকরা, ব্লক। কিছু কিছু মূল সড়কে এসে পড়েছে। যেসব গাড়ি রমনা থানা প্রান্ত থেকে উড়ালসড়কে না উঠে নিচের সড়ক ব্যবহার করছে, সেগুলোকে পড়তে হচ্ছে যানজটে। সমস্যা হচ্ছে পথচারীদের চলাচলেও।
মৌচাক থেকে মগবাজার মোড়ে আসতেও যানবাহনকে পড়তে হচ্ছে দীর্ঘ জটে। বিশেষ করে সিদ্ধেশ্বরী থেকে যেসব গাড়ি মৌচাক মার্কেটের পাশ দিয়ে মগবাজার মোড়ের দিকে আসে। সেখানে মালিবাগ মোড়ের দিক থেকে আসা যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহন দীর্ঘ সময় আটকে থাকছে।
সড়কের কোথাও কোথাও পানিও জমে আছে। ডিপিডিসির খোঁড়াখুঁড়ির কারণে ড্রেনেজ লাইন ভেঙে যাওয়ায় পানি বেরিয়ে রাস্তায় তলিয়ে গেছে বলে অভিযোগ ঢাকা ওয়াসার। একই কারণে পানির লাইনও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি ঢাকা ওয়াসার। এ কারণে মধুবাগ, আদ-দীনের গলিসহ আশপাশের এলাকায় পানিতে ময়লাও পাওয়া যাচ্ছে।
মৌচাক থেকে মগবাজার সড়কের দুই ধারেই ফুটপাত বলতে এখন কিছু নেই। রাস্তা ধরেই হাঁটতে হয় পথচারীদের। রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে এখন হাঁটতেও বিড়ম্বনার শিকার হতে হচ্ছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রকৌশল বিভাগ থেকে জানানো হয়, ডিপিডিসি আবশ্যিক কারণ দেখিয়ে রাস্তা খোঁড়ার অনুমতি নিয়েছিল। অন্য সংস্থা ক্ষতিগ্রস্ত হলে ডিপিডিসির কাছে ক্ষতিপূরণ চাইতে পারে। ঠিকাদারদের কারণে সড়কে মাটি বা নির্মাণসামগ্রী এখন পর্যন্ত পড়ে আছে। এ বিষয়ে ঠিকাদারকে বলাও হয়েছে বলে ওই বিভাগের সংশ্লিষ্ট প্রকৌশলী জানান।