মৌচাক মার্কেটের দোকানপাট বন্ধ রাখার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মালিবাগের মৌচাক মার্কেটের দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন।

আদেশে বলা হয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সুপারিশ অনুযায়ী সংস্কারের পর এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে সক্ষমতা সনদ না পাওয়া পর্যন্ত মার্কেটের দোকানপাট বন্ধ রাখতে হবে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) এই নির্দেশ বাস্তবায়ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

মৌচাক মার্কেটের ভবনটি নিয়ে বুয়েটের সুপারিশের পরিপ্রেক্ষিতে গত ২ মে রাজউক মার্কেট কর্তৃপক্ষকে একটি চিঠি দেয়। এতে ভবনটির ঝুঁকির কথা জানিয়ে ভবনটি সংস্কার করতে বলা হয়। পরে রাজউকের ওই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে ভবনমালিক আশরাফ কামাল পাশা হাইকোর্টে রিট আবেদন করেন। আজ আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মোতাহার হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।