মৌমাছির তাড়া মোটরসাইকেল ও বাস পুকুরে, নিহত ১
রাজশাহীর চারঘাটে গতকাল রোববার মৌমাছি তাড়া করলে একটি মোটরসাইকেল বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে ধাক্কা খায়। এ সময় উভয় যান পাশের পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত ও বাসের ২০ জন যাত্রী আহত হয়।
নিহত ব্যক্তি মোহন আলী (২৫) চারঘাট উপজেলার মিয়াপুর গ্রামের আজিজুল প্রামাণিকের ছেলে। চারঘাট বাজারে তাঁর একটি ইলেকট্রনিকসামগ্রীর দোকান রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরে বাঘা থেকে যাত্রীবাহী বাসটি রাজশাহীর দিকে যাচ্ছিল। অপর দিকে মোটরসাইকেল আরোহী মোহন আলী বাঘার দিকে যাচ্ছিলেন। চারঘাট উপজেলার মেরামতপুর এলাকায় একঝাঁক মৌমাছি মোহন আলীকে তাড়া করে। এ সময় তিনি দ্রুত চালাতে গেলে মোটরসাইকেলটি বিপরীতগামী বাসের সঙ্গে ধাক্কা খায়। এতে তিনি মোটরসাইকেলসহ পাশের পুকুরে পড়ে যান। বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে ওই পুকুরে তাঁর ওপরে পড়ে। পুকুরের মধ্যেই বাসের নিচে পড়ে মোহন আলী মারা যান। এ সময় বাসের ২০ জন যাত্রী আহত হয়। আহতদের মধ্যে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্যদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে বেলা আড়াইটার দিকে রাজশাহী থেকে ডুবুরিরা গিয়ে ডুবন্ত বাসে তল্লাশি চালান। বিকেল সাড়ে চারটার দিকে তাঁরা ঘোষণা দেন, বাসের ভেতরে আর কেউ নেই।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার গোলাম মর্ত্তুজা জানান, দুর্ঘটনায় নিহত ব্যক্তির লাশ স্বজনেরা নিয়ে গেছেন।