
মৌমাছি, মৌমাছি /কোথা যাও নাচি নাচি—ছড়ার এই পঙ্ক্তিগুলো মাথার ভেতর ছিল। ছড়ার সূত্রেই জানা ছিল মৌমাছির এক রানি আছে। সেই রানির পিছে পিছে ছোটে সব মৌমাছি। এর পরই চলতে থাকে মৌমাছির ভিড়ে রানির খোঁজ।
কিন্তু রানির দেখা তো মেলে না। একবার পাহাড়ি এক জলার ধারে দলে দলে মৌমাছি এসে পানি পান করছে, আর ফিরে যাচ্ছে। সেখান থেকে মৌমাছিদের পিছু ধরা। একসময় বনের ভেতর দেখা মিলল মৌচাকের, দেখা মিলল রানির। কৌশলে রানিকে ধরা হলো, সুতা দিয়ে বেঁধে রাখা হলো এক স্থানে। দেখা গেল ১০-১৫ মিনিটের মধ্যে অনেক মৌমাছি রানির কাছে ছুটে এসেছে। রানিকে ঘিরে গুন গুন করছে। এরপর বাড়িতে এনে রানিকে রাখা হলো একটি কাঠের বাক্সে। কয়েক দিনেই সেই বাক্স ও এর আশপাশ মৌমাছির গুঞ্জনে সরব হয়ে ওঠে। চার মাসের মধ্যেই বাক্সে জমল প্রায় আট কেজি মধু। ঘটনাটি ১৯৯৮ সালের। ঘটনার নেপথ্যে ছিলেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কাঁঠালকান্দি গ্রামের মধুশিকারি মো. আজাদ মিয়া।
আজাদ মিয়ার বয়স যখন ১৮, তখন থেকে মধুর খোঁজে বাড়ির কাছের পাহাড়ি এলাকার বনে-বাদাড়ে ঘুরে বেড়ানো শুরু। এরপর বনে গিয়ে মৌমাছির সন্ধান করা, কোথায় ফুল ফুটেছে, সেখানে মৌমাছি আসে কি না, এসব খোঁজ করতেন। রানির খোঁজ পাওয়ার আগ পর্যন্ত এভাবেই তাঁর মধু সন্ধানের কাজ চলছিল। ২০০৭ সালে একবার মৌলভীবাজারের আকবরপুর আনসার ক্যাম্পে কয়েক দিনের প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি, ব্যাস এটুকুই। রানি মৌমাছি ধরার পর তাঁর মধু চাষে সাফল্য আসতে শুরু হলো। ইসলামপুর ও আদমপুর ইউনিয়নের কাঁঠালকান্দি, কালারায় বিল, মধ্যভাগ, পূর্ব জালালপুর, আধকানি, কানাইদাসী, ছয়গড়ি, কোনাগাঁও, নওয়াগাঁও, আদমপুর বাজার, নতুন বাজারসহ আশপাশের অনেক গ্রামেই শুরু হলো মধুর চাষ। শুধু তাঁর মাধ্যমেই এসব গ্রামে ৮০টি পরিবার মধু চাষে জড়িয়েছে।
এলাকার মধুচাষিরা এখন বছরে ২৫ থেকে ৩০ লাখ টাকার মধু বিক্রি করছেন। এই মধুচাষিদের অনেকেই এটাকে বাণিজ্যিকভাবে বাড়তি আয়ের পথ হিসেবে বেছে নিয়েছেন। অনেকে একমাত্র জীবিকার উপায় হিসেবেও নিয়েছেন। এই মধু চাষের জন্য বাড়তি জমির প্রয়োজন নেই। ঘরের এক পাশে বা কোণে, বারান্দায় বা বাড়ির ঝোপঝাড়ের পাশে বাক্স রাখলেই চলে। মৌচাক বানানো, মধু সংগ্রহের বাকি কাজটুকু করবে মৌমাছি। একটি বাক্স থেকে এক মৌসুমে ৫ থেকে ২৫ কেজি পর্যন্ত মধু পাওয়া যায়। এই মধু ৬০০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বছরে বৈশাখ, জ্যৈষ্ঠ-আষাঢ়, শ্রাবণ ও পৌষ—এই মাসগুলোতে মৌচাকে মধু ভালো জমে। ভালো মধু পাওয়া যায়।
আজাদ মিয়া জানান, মধু চাষের মতো আর কিছুতে এত লাভ হতে পারে না। বছরে পাঁচ বিঘা জমির ধান চাষ করে যা আয় হয়, মৌমাছির একটি বাক্স থেকে তার চেয়েও বেশি আয় হয়। আর এখানে বিনিয়োগ মাত্র একবারই। তিনি আরও জানান, মধুর পাঁচটি জাত আছে। এর মধ্যে শুধু দাশকুলি জাতই চাষ করা যায়। বাকি চারটি জাত হচ্ছে: রাজমধু, মাছি মধু, ঘামি মধু ও মধুমালতি। এই চারটি প্রাকৃতিকভাবে বন-জঙ্গলের মৌচাকে হয়ে থাকে।
মধুচাষির সংখ্যা বেড়ে যাওয়ায় ইসলামপুর-আদমপুর মধু চাষ উন্নয়ন সমিতি নামে একটি সংগঠন গড়ে উঠেছে। এর সভাপতি স্কুলশিক্ষক ও মধুচাষি আলতাফ মাহমুদ তালুকদার এবং সাধারণ সম্পাদক আজাদ মিয়া।
আলতাফ মাহমুদ বলেন, ‘আমার পাঁচটি বাক্স আছে। বছরে প্রতিটি বাক্স থেকে প্রায় ৪০ কেজি মধু পাই। আত্মীয়স্বজনের মধ্যে মধু বিলি করার পরও ২০-২৫ হাজার টাকা মিলে। এর মধ্যে প্রাথমিক বিনিয়োগ ছাড়া আর কোনো খরচ নেই।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম মিঞা বলেন, মধুচাষিদের আর্থিক সহযোগিতার ব্যবস্থা করা হচ্ছে।