মৌলবাদমুক্ত দেশ গড়ার শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজয় ​শোভাযাত্রায় মুক্তিযোদ্ধা সেজে অংশ নেয় শিশুরা। ছবিটি গতকাল সকালে কাজির দেউরি এলাকা থেকে তোলা l প্রথম আলো
বিজয় ​শোভাযাত্রায় মুক্তিযোদ্ধা সেজে অংশ নেয় শিশুরা। ছবিটি গতকাল সকালে কাজির দেউরি এলাকা থেকে তোলা l প্রথম আলো

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, পুষ্পার্ঘ্য অর্পণ, লাল-সবুজের জাতীয় পতাকা নিয়ে বিজয় শোভাযাত্রা, কুচকাওয়াজসহ নানা আয়োজনে চট্টগ্রামে বিজয় দিবস উদ্যাপিত হয়েছে। বিজয় দিবসের প্রথম প্রহরে নগরের নন্দনকাননে কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন ফুল হাতে শ্রদ্ধা জানাতে ভিড় করেন। সেখানে সাম্প্রদায়িক শক্তিকে মোকাবিলার পাশাপাশি মৌলবাদমুক্ত দেশ গড়ার শপথ নেন তাঁরা। শহীদবেদিতে শ্রদ্ধা জানাতে সমবেত হওয়া শত শত মানুষকে শপথবাক্য পাঠ করান মুক্তিযোদ্ধা এনামুল হক।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে নন্দনকানন ফায়ার স্টেশন থেকে সাইরেন বাজানো হয়। এরপর নগর পুলিশের একটি চৌকস দল সশস্ত্র অভিবাদনের মধ্য দিয়ে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। পরে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বিজয় দিবসের মূল আনুষ্ঠানিকতা শুরু করেন। এরপর ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দীন এবং সিটি করপোরেশনের কাউন্সিলররা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর মেয়রের নেতৃত্বে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের নেতারা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
একে একে শ্রদ্ধা জানান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. রহুল আমিন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) শফিকুল ইসলাম, চট্টগ্রাম নগর পুলিশের কমিশনার ইকবাল বাহার, জেলা প্রশাসক সামসুল আরেফিন, পুলিশ সুপার নুরে আলম মিনা শহীদ মিনারে শ্রদ্ধা জানান।
জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সাহাবউদ্দিন ও মহানগর ইউনিটের কমান্ডার মোজাফফর আহমেদের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে শহীদবেদিতে মুক্তিযোদ্ধারা মৌলবাদমুক্ত দেশ গড়ার শপথ নেন।
চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক আবুল হাশেমের নেতৃত্বে বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে দলের নেতা-কর্মীরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ ছাড়া জাতীয় পার্টির চট্টগ্রাম মহানগর ও উত্তর জেলা, ওয়ার্কার্স পার্টি, যুব মৈত্রীসহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। সকালেও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে শ্রদ্ধা জানায়।
শীত উপেক্ষা করে গতকাল ভোর থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে শহীদ মিনারে। জয় বাংলা স্লোগানে মুখরিত ছিল শহীদ মিনার প্রাঙ্গণ। কারও হাতে ছিল ফুল, কারও কপাল, কারও মাথায় বাঁধা ছিল জাতীয় পতাকা। শহীদ মিনারজুড়ে ছিল কঠোর নিরাপত্তাব্যবস্থা।
বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ গতকাল সকাল সাড়ে ১০টায় নগরের এম এ আজিজ স্টেডিয়ামের গোলচত্বর থেকে বিজয় শোভাযাত্রা বের করে। এতে নেতৃত্ব দেন বিজয় মেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
এ ছাড়া চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে নগরের এম এ আজিজ স্টেডিয়ামে সকালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। একইভাবে বাকলিয়া স্টেডিয়ামে সিটি করপোরেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় বিজয় দিবসের কুচকাওয়াজ।